Sylhet Today 24 PRINT

সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট ফের চালু

নিজস্ব প্রতিবেদক |  ০৫ জুলাই, ২০২৬

ফের সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু হয়েছে। রোববার থেকে ম্যানচেস্টার থেকে যাত্রী নিয়ে বিমানের ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে ম্যানচেস্টার থেকে আসা যাত্রীদের স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান উপদেষ্টা হুমায়ুন কবিরসহ অতিথিরা।

এরপর সাংবাদিকদের সাথে আলাপকালে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, সিলেটের প্রচুর প্রবাসী ইংল্যান্ডে থাকেন। তারা নিয়মিত দেশে আসা যাওয়া করেন। এই প্রবাসীরা সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালুর দাবি জানিয়ে আসছিলেন। তাদের দাবির প্রেক্ষিতে আজকে ফ্লাইটটি চালু হলো। এটি যাতে আর বন্ধ না হয় সে চেষ্টা থাকবে।

বিমানমন্ত্রী বলেন, সিলেট-কক্সবাজার রুটে সরাসরি বিমানের ফ্লাইট চালুর ব্যাপারে আমরা আলাপ আলোচনা করছি। আশা করছি শিগগিরই এটি চালু হবে।

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, এটি হলে বিদেশি অনেক ফ্লাইটও সিলেটে আসবে। এছাড়া সিলেটকে আমরা একটি পর্যটন হাবে পরিণত করতে চাই।

সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়ার উচ্চমূল্য সম্পর্কে তিনি বলেন, ভাড়া কমানোর ব্যাপারে সরকার কাজ করছে। দীর্ঘদিন ধরে চলা অব্যবস্থাপনা ঘুচিয়ে আনতে কিছুটা সময় লাগছে। তবে প্রবাসীদের কথা চিন্তা করে হলেও এই রুটে ভাড়া কমাতে সরকার আন্তরিক।

এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতের সাথে আমাদের সম্পর্ক ওই উচ্চতায় উন্নীত হলে আমাদের ইচ্ছা আছে সিলেট-গোয়াহাটি সরাসরি ফ্লাইট চালু করার। এছাড়া ভারতের অন্যান্য অঞ্চলেও ফ্লাইট সিলেট থেকে যেতে পারে। যাতে দুদেশের মানুষ, ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক আদান প্রদান সহজ হয়।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর বিজি-২০৮ বেলা ১২টায় ম্যানচেস্টার থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.