Sylhet Today 24 PRINT

পল্লী উন্নয়নে সরকারের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ: ডা. জীবন এমপি

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং |  ০৬ জুলাই, ২০২৬

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের বানিয়াচংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) বানিয়াচং উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ডের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং-আজমিরীগঞ্জ (হবিগঞ্জ-২) আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ এবং উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লুৎফুর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন, "বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় পল্লী অঞ্চলকে এগিয়ে নিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রাম হবে উন্নয়নের কেন্দ্রবিন্দু— এই লক্ষ্য নিয়েই বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কৃষি খাতে ব্যাপক উন্নয়ন ঘটিয়ে আমরা একটি আধুনিক ও সমৃদ্ধ গ্রাম গড়ে তুলতে চাই।"

তিনি আরও বলেন, "পল্লী উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, তাহলেই দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে।"

সভায় অন্যান্য বক্তারা পল্লী উন্নয়নের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের সার্বিক উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে গ্রাম। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কৃষি আধুনিকায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনের মাধ্যমে একটি টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

এর আগে, জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। সভা শেষে বানিয়াচংয়ে পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে মাঠ পর্যায়ের সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.