Sylhet Today 24 PRINT

দিরাইয়ে দলের শীর্ষ নেতাদের না জানিয়ে বিএনপির ব্যানারে সংবাদ সম্মেলন, মিশ্র প্রতিক্রিয়া

মুজাহিদ সর্দার তালহা, দিরাই |  ০৬ জুলাই, ২০২৬

সুনামগঞ্জের দিরাইয়ে স্থানীয় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অপপ্রচারের প্রতিবাদে’ উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে দলটির অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

উপজেলা ও পৌর বিএনপির একাধিক দায়িত্বশীল নেতারা দাবি করেছেন, দলীয় সিদ্ধান্ত ছাড়াই এবং তাঁদের অবগত না করে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা প্রচারণার ও ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা অনিয়মের অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের প্রতিবাদ জানানো হয়।

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক বলেন, সংবাদ সম্মেলনের বিষয়ে তিনি আগে থেকে কিছুই জানতেন না। অনুষ্ঠান শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি সম্পর্কে অবগত হন। তাঁর মতে, দলীয় অধিকাংশ দায়িত্বশীলকে না জানিয়ে এ ধরনের কর্মসূচি আয়োজন করা ঠিক হয়নি। এতে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও সাংগঠনিক অস্বস্তির সৃষ্টি হতে পারে।

পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমানও বলেন, সংবাদ সম্মেলনের বিষয়ে তাঁকে আগে থেকে জানানো হয়নি। দলীয় ব্যানারে কোনো কর্মসূচি হলে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের অবহিত করা উচিত ছিল বলে তিনি মনে করেন।

একই ধরনের বক্তব্য দিয়েছেন পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী। তিনি বলেন, সংবাদ সম্মেলনের বিষয়ে তিনি অবগত ছিলেন না এবং এ বিষয়ে তাঁকে কোনো ধরনের আমন্ত্রণ বা অবহিত করা হয়নি।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইফতেখার মো. নাবিল চৌধুরী বলেন, ২১ সদস্যবিশিষ্ট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অধিকাংশ সদস্যকে অবহিত না করেই দলীয় ব্যানার ও প্যাড ব্যবহার করে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তাঁর দাবি, আহ্বায়ক কমিটির মাত্র চারজন সদস্য এতে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, দল ও স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা, গুজব ও অপপ্রচারের প্রতিবাদ হওয়া উচিত এ বিষয়ে তাঁদের কোনো দ্বিমত নেই। তবে আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত ছাড়া কয়েকজনের উদ্যোগে উপজেলা বিএনপির নামে সংবাদ সম্মেলন আয়োজন এবং দলীয় ব্যানার ও প্যাড ব্যবহার সাংগঠনিক শৃঙ্খলা ও গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

নাবিল চৌধুরী আরও বলেন, একটি রাজনৈতিক দলের কার্যক্রম যৌথ সিদ্ধান্ত ও সাংগঠনিক নিয়ম-নীতির ভিত্তিতে পরিচালিত হওয়াই কাম্য। কমিটির সদস্যদের মতামত উপেক্ষা করে এ ধরনের কর্মসূচি আয়োজন করলে দলের মধ্যে ভুল বোঝাবুঝি ও বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। ভবিষ্যতে সব কার্যক্রম আহ্বায়ক কমিটির সদস্যদের সম্পৃক্ত করে এবং দলীয় গঠনতন্ত্র অনুসরণ করে পরিচালনার আহ্বান জানান তিনি।

অভিযোগের বিষয়ে জানতে সংবাদ সম্মেলনের আয়োজকদের অন্যতম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বর্তমানে একটি সভায় আছি। এ বিষয়ে পরে কথা বলব। প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে তাঁর বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.