Sylhet Today 24 PRINT

ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ২০

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুলাই, ২০২৬

ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের বাহুবলে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ডুবাঐ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সিলেট থেকে ঢাকাগামী ‘ইউনিক পরিবহন’-এর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী ‘লাকি পরিবহন’-এর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। অন্যদিকে, লাকি পরিবহনের বাসটি মহাসড়কের ওপরই দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের চালকের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পুলিশ নিহত চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইউনিক পরিবহনের চালক ঘটনাস্থলেই মারা গেছেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে এবং যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.