Sylhet Today 24 PRINT

চার শিশু সন্তানকে এতিম করে মরতে চান না ক্যান্সার আক্রান্ত সুজিনা

ইয়াকুব শাহরিয়ার, শান্তিগঞ্জ |  ০৮ জুলাই, ২০২৬

সুজিনা বেগমের বয়স সর্বোচ্চ সাঁইত্রিশ হবে। দেখলে মনে হয় অন্তত পঞ্চাশ। সুজিনা বলেন, যুগে নয়, বুড়া হয়েছি রোগে। তিনি ক্যান্সার রোগে আক্রান্ত। গলার দুই পাশে ফুলে উঠেছে। স্পষ্ট চোখে পড়ে গলার ফুলা অংশ। এজন্য ঠিকঠাক ভাবে খেতেও পারেন না তিনি। সার্বক্ষণিক শয্যাশায়ী থাকতে হয় তাকে।

চার সন্তানের জননী সুজিনা বেগম সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস গ্রামের ফকির বাড়ির বাসিন্দা আমিনুল হকের স্ত্রী।

আমিনুল হক দিনমজুর। একা স্ত্রী ও বৃদ্ধ মায়ের ঔষধের খরচ ও সংসারের ঘানি টেনে কুলিয়ে উঠতে পারছেন না তিনি। সহায় সম্পত্তি যা আছে স্ত্রীর চিকিৎসার পেছনেই শেষ সব কিছু। এখন আছে শুধু মাথা গুঁজবার ঠাঁই ভিটেখানি। অভাবের করালগ্রাসে সন্তানদের লেখাপড়াও করাতে পারছেন না তিনি।

বড় ছেলের বয়স ১৪। সে মাত্র ছয় হাজার টাকা মাসিক বেতনে সিলেটে একটি ফ্যাক্টরিতে কাজ করে। যে বয়সে বই-খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা সে বয়সে করছে চাকরি, যোগান দিচ্ছে মৃত্যু পথযাত্রী মায়ের চিকিৎসা খরচের। মেঝো মেয়ে বয়স ১১। পড়ছে ক্লাস ফোরে। মা অসুস্থ থাকায় দাদীর সাথে সব কাজ সামলায় সে-ই। নিয়মিত স্কুলেও যেতে পারে না। বাকি দুই সন্তানের একজনের ৮ ও আরেকজনের বয়স দুই বছর।

অভাব, টানাপড়েন আর অসুস্থতায় বিকল সুজিনা বেগমের সংসার। কেমোথেরাপি দিয়ে কিছু দিন চলেছিলেন তিনি। এখন আর পারছেন না ২০ হাজার টাকা দামের থেরাপি চালিয়ে নিতে। অসহায় ও বাধ্য হয়ে এখন হাত পেতেছেন সমাজের বিত্তশালী মানুষের কাছে। পরম আত্মবিশ্বাস নিয়ে সহযোগিতা চেয়েছেন সুজিনা। ছোট ছোট চারটি শিশু সন্তানকে এতিম করে এতো তাড়াতাড়ি মরতে চান না তিনি।

কে দেখবে অবুঝ এই সন্তানদের? কে দেবে তাদের মুখে আহার তুলে? মা মা বলে চিৎকার করে কাঁদলে কে তাদের সান্ত্বনা দিয়ে মায়ের আদরে কোলে তুলে নিবে? এসব বলে হাউমাউ করে কেঁদে উঠেন একজন মমতাময়ী মা।

পাশে থাকা নির্বাক স্বামী আমিনুর হক হাত জোর করে করুণ ভঙ্গি আর চাহনি দিয়ে বলে দিলেন তার অপারগতার কথা। দুনিয়ার সকল অসহায়ত্ব যেন তার এই আবদারের কাছে ধরা দিয়েছে। সাহায্য চেয়েছেন সকলের কাছে। স্ত্রী না হোক, সুজিনা বেগম একজন মা। তার চার চারটি সন্তান। তাকে বাঁচাতে করজোড়ে মিনতি করেন সমাজের সকলের কাছে। একটু একটু সহায়তা করে তাকে যেন চিকিৎসার খরচটি যোগাড় করে দেন সেই প্রার্থনা দিন আনা দিন খাওয়া মানুষটির।

সুজিনা বেগমকে সহায়তা করতে ও তার সাথে যোগাযোগ করতে একটি বিকাশ নাম্বার দিয়েছেন তিনি। নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তাকে সহায়তা করার অনুরোধ করেছেন সুজিনা ও তার স্বামী আইনুল হক। বিকাশ নাম্বার - 01738-924003

সেই সাথে তিনি আহ্বান জানিয়েছেন মানবিক কন্টেন্ট ক্রিয়েটর, সমাজসেবী ও সহায়তাকারী ফেসবুক ব্যবহারকারীদের। তারা প্রত্যেকে যদি তাকে নিয়ে কন্টেন্ট তৈরি বা অর্থ সহায়তা ক্যাম্পেইন করে চিকিৎসা সহায়তা চান দেশ, বিদেশের মানুষের কাছে তাহলে হয়তো আর মা হারা এতিম হতে হবে না সন্তানদের এমনটাই প্রত্যাশা সুজিনা বেগমের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.