নিজস্ব প্রতিবেদক | ০৯ জুলাই, ২০২৬
সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে ৭ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
তবে সীমান্তে কড়া অবস্থান ও বাধার কারণে বিএসএফের এই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।
বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে নারী-পুরুষসহ ৭ জনকে পুশ-ইনের চেষ্টা চলায় বিএসএফ। তবে বিজিবির সদস্যরা তা প্রতিহত করেন।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, কোম্পানিগঞ্জের কালাইরাগ বিওপি-সংলগ্ন সীমান্ত দিয়ে বিএসএফ ৭ জনকে পুশ-ইনের চেষ্টা করলে বিজিবি তাৎক্ষণিকভাবে বাধা দেয়। এতে বিএসএফ পিছু হটতে বাধ্য হয় এবং ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়।
তিনি বলেন, এ ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের চেষ্টা প্রতিরোধে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে।