Sylhet Today 24 PRINT

দানবাক্সে ধর্মীয় ও তান্ত্রিক প্রতীকের রহস্যময় চিরকুট, তারকাচিহ্নের ভেতরে ‘মন্ত্রী মিনিস্টার’

নিজস্ব প্রতিবেদক |  ১১ জুলাই, ২০২৬

ছবি: সংগৃহীত

সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স থেকে টাকা গণনার সময় নগদ অর্থ ও চিঠিপত্রের পাশাপাশি এবার উদ্ধার হয়েছে এক অদ্ভুত ও রহস্যময় চিরকুট।

চিরকুটটিতে বিভিন্ন ধর্মীয় ও তান্ত্রিক প্রতীক এঁকে ‘মন্ত্রী মিনিস্টার’ লেখা রয়েছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে।

শনিবার (১১ জুলাই) সকাল থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে দরগাহ মসজিদের বারান্দায় মাজারের দানবাক্স ও ঐতিহাসিক ডেক থেকে টাকা বের করে গণনা শুরু হয়। টাকা গণনার একপর্যায়ে গণনা সংশ্লিষ্টদের নজরে আসে গোলাপি রঙের কাগজে হাতে আঁকা নকশা বা চিরকুট।

কাগজটির ওপরের অংশে বড় বড় অক্ষরে লেখা রয়েছে ‘গাড়ি বাড়ি সম্পদ নাই’। ঠিক মাঝখানে একটি বড় তারকা চিহ্নের ভেতরে লেখা রয়েছে ‘মন্ত্রী মিনিস্টার’। আর তার ঠিক নিচেই লেখা রয়েছে ‘আদি ধর্ম’।

এছাড়াও কাগজের চারপাশ জুড়ে স্বস্তিকা চিহ্ন, ওম, ক্রুশ, চাঁদ-তারা এবং জ্যামিতিক বিভিন্ন গোলক ও ত্রিকোণ আকৃতির নকশা আঁকা রয়েছে।

রহস্যময় এই চিরকুট সম্পর্কে মাজার ও গণনা সংশ্লিষ্ট কেউ কোনো মন্তব্য করেননি। কী কারণে কে কীভাবে এটা রেখে গেছে এবং এর অর্থই বা কী এনিয়ে কেউ কোনো মন্তব্য করেননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.