Sylhet Today 24 PRINT

দানবাক্সে এক চাকরিপ্রার্থীর ১৩ বারের ব্যর্থতার গল্প, আর ‘আল্লাহ গো আল্লাহ’ লিখে আকুতি

হযরত শাহজালাল রহ. এর মাজার

নিজস্ব প্রতিবেদক |  ১১ জুলাই, ২০২৬

"আল্লাহ গো আমি কতো চেষ্টা করতাছি একটা চাকরি নেওয়ার জন্য, আল্লাহ তাও হয় না। অনেক বার চেষ্টা করছি, অনেক বার ব্যর্থ হয়েছি আল্লাহ। অনেক টাকা নষ্ট করছি আল্লাহ একটা চাকরির জন্য। মাঠে ব্যর্থ হয়ে গিয়েছি। আল্লাহ গো আমি আর পারছি না..."

সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স থেকে টাকা গণনার সময় উদ্ধার হওয়া একটি হাতে লেখা চিঠিতে এভাবেই ফুটে উঠেছে এক বেকার যুবকের চরম আকুতি ও জীবনযুদ্ধের করুণ গল্প।

আজ শনিবার (১১ জুলাই) মাজারের দানবাক্স খোলার পর নগদ অর্থের পাশাপাশি পাওয়া যাওয়া অন্যান্য চিঠির মধ্যে এই চিঠিটি উপস্থিত সবার মন ছুঁয়ে যায়।

চিঠির বিবরণ থেকে জানা যায়, একটি চাকরির জন্য ওই যুবক একের পর এক বিভিন্ন সরকারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে ১৩ বার ব্যর্থ হয়েছেন।

চিঠিতে তিনি তার ব্যর্থতার খতিয়ান তুলে ধরে লিখেছেন— পুলিশে ৩ বার, নৌবাহিনীতে ৩ বার, বিমান বাহিনীতে ১ বার, সেনাবাহিনীতে ৩ বার, কারারক্ষী পদে ১ বার, বিজিবিতে ১ বার এবং ব্যাটালিয়নে ১ বার পরীক্ষা দিলেও তাঁর চাকরি হয়নি। বারবার মাঠে গিয়েও কপাল খোলেনি তাঁর।

চরম হতাশায় নিমজ্জিত এই চাকরিপ্রার্থী শেষ আশ্রয় হিসেবে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে এসে আল্লাহর দরবারে মিনতি জানিয়েছেন। চিঠিতে তিনি মান্নত করে লিখেছেন, "আল্লাহ এবার তোমার অলি হযরত শাহজালাল মাজারে আসিয়া খাসি মান্নত করছি, আমি এই মান্নত পূর্ণ করব। আল্লাহ তুমি এবার আমার জেল কারারক্ষী চাকরিটা পাইয়ে দেও। আমার মা-বাবার আশা পূর্ণ করে দেও।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.