Sylhet Today 24 PRINT

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হবে

নিজস্ব প্রতিবেদক |  ১১ জুলাই, ২০২৬

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে অচিরেই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

শনিবার (১১ জুলাই) কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটের উন্নয়নের রূপকার, সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমান এই প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা। তাঁর লক্ষ্য ছিল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা। সময়ের সীমাবদ্ধতায় তিনি সেই স্বপ্ন বাস্তবায়ন করে যেতে পারেননি। আমরা তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করব।

তিনি বলেন, বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরও এ বিষয়ে অত্যন্ত আন্তরিক। সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সিসিক প্রশাসক আরও বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন উন্নত অবকাঠামো ও যোগাযোগব্যবস্থা। কলেজের যাতায়াতের সড়ক দ্রুত নির্মাণ এবং অবকাঠামোগত উন্নয়নে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইসমাইল হোসেন এবং স্কুল অব অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো. মাসতাবুর রহমান।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.