নিজস্ব প্রতিবেদক | ১১ জুলাই, ২০২৬
সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের ডেগে টাকা গণনার সময় ধর্ষক ও খুনিদের বিচার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে হাতে লেখা একটি চিঠি পাওয়া গেছে।
শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সিলেটের শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে গণনা করা হয় মাজারের টাকা। তখন এই চিঠি পাওয়া যায়।
চিঠির প্রেরক মোহাম্মদ জুবায়ের আহমেদ লিখেন, ‘প্রিয়, মাননীয় প্রধানমন্ত্রী জানি না আমর এই চিরকুটটি-আপনার কাছে পৌঁছাবে কি। আমরা সবাই চাই আমাদের বাংলাদেশ সুন্দর ভাবে এগিয়ে যাক। কিন্তু আপনার প্রতি বিনীত অনুরোধ আমাদের দেশে যতগুলো ধর্ষন ও খুন হয়েছে তার কোনো হিসাব নাই। বিশেষ করে ধর্ষন। আমাদের স্বাধীনতার প্রায় ৫৪ বছর। এখন পর্যন্ত আমরা কোনো দৃশ্যমান বিচার দেখতে পারছি? আমার মনে হয় না। আমার মনে হয় সাধারণ জনগন বিচারের প্রতি কোনো আস্থা নাই। আমাদের ছোট্ট শিশু রামিসার বিচার কবে কার্যকর হবে। ৩ মাস, ১ বছর ৫ বছর না ১০ বছর বলা খুব কঠিন।’
‘বিশেষ করে মাদকের সাথে জড়িত যারা, আমার মনে হয় মাদক ব্যবসা যারা করে তাদের হাত অনেক বড়। না হয় থানা ম্যানেজ করে চলে। গ্রামের প্রায় ৯০% মানুষ মাদক আসক্ত শিশু তরুণ কিশোর।
জুবায়ের তার চিঠিতে ‘রামিসা, আছিয়া, হাদী হত্যাকারীদের পাথর দিয়ে মারার বিচার দাবি করেছেন।
শনিবার সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ থেকে দ্বিতীয় দফায় গত ১৮ দিনে মোট ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া গেছে। তবে টাকার সাথে বৈদেশিক মুদ্রা, গবাদিপশুসহ আরও অনেক কিছুই পাওয়া গেছে।