নিজস্ব প্রতিবেদক | ১৩ জুলাই, ২০২৬
আগামী শুক্রবার (১৭ জুলাই) উদ্বোধন করা হবে সিলেট নগরের চালিবন্দর মহাশ্মশানঘাটের নবনির্মিত কালি মন্দির। কলকাতার দক্ষিণেশ্বর কালিমন্দিরের আদলে নির্মিত সিলেটের এই মন্দিরটি উদ্বোধনের আগেই ভক্ত ও দর্শনার্থীদের নজর কেড়েছে।
দৃষ্টিনন্দন এই মন্দিরের নকশা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষক সুব্রত দাশ।
নান্দনিক স্থাপত্যশৈলীর এই মন্দিরে ভক্তি আর শিল্পের এক মেলবন্ধন ঘটেছে। লাল-সাদার কারুকাজে মন্দিরটি দেখতে অনেকেই ভিড় করছেন।
চালিবন্দর মহাশ্মশান সংস্কার ও সংরক্ষণ কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মলয় পুরকায়স্থ জানান, শুক্রবার এই মন্দিরটির উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি জানান, সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে শশ্মানঘাট সংস্কার ও মন্দির নির্মাণ করা হয়েছে। শশ্মানঘাট কমপ্লেক্স ও মন্দির নির্মাণে ব্যয় হয়েছে ৬ কোটি টাকা।