Sylhet Today 24 PRINT

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ১৩ জুলাই, ২০২৬

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর প্রাণ গেছে।

রোববার সকাল থেকে সোমবার সকালের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।

মৃত আট মাস বয়সি শিশু সাফওয়ান সুনামগঞ্জ সদর উপজেলার ওয়াসির আলমের ছেলে।

এদিকে হাম নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৫১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া আগের ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন আরও ৬২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৪৮৩ জনের শরীরে হাম রোগের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

সিলেটে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮৯ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.