শ্রীমঙ্গল প্রতিনিধি | ১৫ জুলাই, ২০২৬
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুরে এইচএসসি পরীক্ষা শেষে শহরের চৌমুহনা চত্বরে জড়ো হন তারা।
শিক্ষার্থীদের অবরোধের কারণে (হবিগঞ্জ মৌলভীবাজার) ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, শিক্ষামন্ত্রীর ক্ষমা প্রার্থনাকে তারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন। শিক্ষার্থীদের ন্যায্য দাবি, অনুভূতি ও মর্যাদার প্রতি অবহেলা করে এই ক্ষমা প্রার্থনা শুধু একটি প্রহসন। শিক্ষাব্যবস্থার মর্যাদা রক্ষা, শিক্ষার্থীদের প্রতি সম্মান প্রদর্শন এবং সাম্প্রতিক সময়ের বিতর্কের নৈতিক দায় স্বীকার করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত।
আন্দোলনকারী শিক্ষার্থীদের ভাষ্য, প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এইচএসসি পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য চরম দুর্ভোগ ও মানবিক সংকট তৈরি করেছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।