Sylhet Today 24 PRINT

মৌলভীবাজার-হবিগঞ্জে বন্যার অবনতির শঙ্কা, নদীর পানি দ্রুত বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক |  ১৫ জুলাই, ২০২৬

মৌলভীবাজারের মনু ও ও হবিগঞ্জের খোয়াই নদীর পানি দ্রুত বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সংস্থাটি বলছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মৌলভীবাজারের মনু নদী এবং হবিগঞ্জের খোয়াই নদীর পানি সতর্কসীমা স্পর্শ করতে পারে। এতে দুই জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বুধবার (১৫ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. মাহমুদুল ইসলাম শোভনের সই করা বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি–সংক্রান্ত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আগামী একদিন এসব নদীর পানি দ্রুত বাড়তে পারে। তবে পরবর্তী দুই দিনে পানি কমতে শুরু করার সম্ভাবনা রয়েছে।

পাউবোর পূর্বাভাস অনুযায়ী, এ পরিস্থিতিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে মৌলভীবাজারে মনু নদী এবং হবিগঞ্জে খোয়াই নদীর পানি সতর্কসীমা স্পর্শ করতে পারে। ফলে নদীতীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি প্লাবনের আশঙ্কা রয়েছে।

এদিকে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া সংশ্লিষ্ট সংস্থাগুলো। এর প্রভাবে পাহাড়ি ঢল ও নদ-নদীর পানির প্রবাহেও পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অন্যদিকে, উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। এ ধারা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে। ফলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জের সুরমা-কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বর্তমানে দেশের তিনটি নদীর তিনটি পয়েন্টে পানি এখনও বিপৎসীমার ওপরে রয়েছে। এর মধ্যে গাইবান্ধার তারাপুরে তিস্তা নদী, সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদী এবং নেত্রকোণার কলমাকান্দায় সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী এবং ভুগাই-কংস নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নেত্রকোণার সোমেশ্বরী নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতিরও উন্নতি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.