Sylhet Today 24 PRINT

রথযাত্রা, লোকারণ্য, মহাধুমধাম

নিজস্ব প্রতিবেদক |  ১৬ জুলাই, ২০২৬

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর বিভিন্ন মন্দির থেকে জগন্নাথ দেবের মূর্তি নিয়ে যাত্রা করে রথ। নগরীর প্রধান প্রধান সড়কগুলো ঘুরে সবগুলো রথ মিলিত হয় রিকাবিবাজারে।

নগরের যুগলটিলা ইসকন মন্দির ও রিকাবীবাজার রথযাত্রা প্রাঙ্গণকে কেন্দ্র করে ৯ দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন চলবে ২৪ জুলাই পর্যন্ত।

রিকাবীবাজার রথযাত্রা প্রাঙ্গণে সিলেটের প্রায় ২৫টি মন্দির ও দেবালয়ের অংশগ্রহণে একযোগে রথযাত্রা অনুষ্ঠিত হয়। পূজা, আরতি, হরিনাম সংকীর্তন, ভক্তিমূলক সংগীত ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী ধর্মীয় আচারের মাধ্যমে পালিত হয় এ উৎসব। এতে বিপুল সংখ্যক ভক্তরা অংশ নেন। এ উপলক্ষে সেখানে ৯ দিনব্যাপী মেলা বসেছে, যেখানে নানা পণ্যের পসরা সাজানো হয়েছে।

আয়োজকরা জানান, এবারও দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে। তাদের জন্য নিরাপত্তা, চিকিৎসাসেবা ও স্বেচ্ছাসেবক কার্যক্রমসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছে।

এদিকে, রথাযাত্রা উপলক্ষ্যে কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), যুগলটিলা, সিলেটের উদ্যোগে মহোৎসবের আয়োজন করা হয়। এতে সকাল থেকেই ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায়। দুপুরে মহাভোগরাগ ও ভোগারতির মধ্য দিয়ে আনুষ্ঠানিক সূচনা হয়। পরে আলোচনা সভা ও মহাপ্রসাদ বিতরণ শেষে বিকেলে যুগলটিলা মন্দির থেকে শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রার সুসজ্জিত রথ নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

১৮ থেকে ২৩ জুলাই পর্যন্ত প্রতিদিন মহাভোগরাগ, ভোগারতি, হরিনাম সংকীর্তন, গৌর আরতি, ভজন-কীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর মধ্যে হেরা পঞ্চমী, বৈদিক নাটক, বিতর্ক প্রতিযোগিতা ও নামহট্টের বিশেষ আয়োজনও থাকবে।

২৪ জুলাই বিকেলে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে নয় দিনের এই মহোৎসবের সমাপ্তি ঘটবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.