সিলেটটুডে ডেস্ক | ১৮ জুলাই, ২০২৬
কেবল একটি নির্দিষ্ট দিনকে পরিবেশ দিবস ভাবলে হবে না; আমাদের অস্তিত্বের জন্য তথা পৃথিবী নামক গ্রহটিকে টিকিয়ে রাখতে বছরের প্রতিটি দিনই পরিবেশ সংরক্ষণের জন্য কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হবিগঞ্জে ‘নদী তীরে সবুজায়ন’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
৫ জুন (শুক্রবার) খোয়াই ও পুরাতন খোয়াই নদীতীরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠন ‘খোয়াই রিভার ওয়াটারকিপার’।
খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ জহিরুল হক আরও বলেন, এবারের বিশ্ব পরিবেশ দিবসের মূল উপজীব্য হলো জলবায়ু পরিবর্তন মোকাবিলা করে বাস্তুতন্ত্র রক্ষা এবং টেকসই ভবিষ্যতের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করা। বন উজাড়, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, নদ-নদী, জলাশয় ও সাগর দূষণ, জীববৈচিত্র্য ধ্বংস, প্লাস্টিক দূষণ এবং প্রাকৃতিক দুর্যোগ আমাদের জন্য কেবল চ্যালেঞ্জই নয়; বরং অস্তিত্বের সংকট। এই প্রতিবেশগত সংকট মোকাবিলায় বৃক্ষরোপণ ও বন সংরক্ষণ সবচেয়ে সহজ ও কার্যকর সমাধান। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বসবাসযোগ্য পৃথিবী নির্মাণই হোক আমাদের মূল অঙ্গীকার।
সভাপতির বক্তব্যে তোফাজ্জল সোহেল বলেন, মানুষের পরম বন্ধু গাছ লাগাতে হবে এবং এগুলো রক্ষার জন্য আমাদের আন্তরিক হতে হবে। গাছ শুধু ফুল, ফল বা সৌন্দর্য বৃদ্ধিই করে না, বরং ভূমিক্ষয় ও ভূমিধস রোধ, ভূগর্ভস্থ পানির মজুদ বৃদ্ধি এবং মাটির উর্বরতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সামাজিক সংগঠন ‘বটতলা’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসবি সাঈদ চৌধুরী, আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা মো. আকবর হোসেন এবং ‘গাছ মামা’ খ্যাত মো. রায়হান।
এছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাতা সৈয়দ তাহমিদ ইসলাম, সভাপতি ওলিউর রহমান কাফি, সাধারণ সম্পাদক আহরাজ উদ্দিন চৌধুরী সিয়াম, ফারহান আফসার, মাহবুব সোহান, শাওন খান, মাহমুদুল হাসান সৌরভ, নুজহাত নুয়েরি রুদাবা, তাবাসসুম জাহান অরিদা, নাজিফা নুয়েরি লুশান্তা প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিরা খোয়াই নদীর তীরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।