Sylhet Today 24 PRINT

সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক |  ১৮ জুলাই, ২০২৬

সিলেটে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। শুক্রবার (১৭ জুলাই) ভোর আনুমানিক ৬টার দিকে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

পুলিশ জানায়, শুক্রবার (১৭ জুলাই) ভোর আনুমানিক ৬টা ১০ মিনিট হতে ৬টা ২০ মিনিট পর্যন্ত সিলেট নগরের টিবি গেইট এলাকার মিছিল করে ছাত্রলীগ। মিছিলটি ইমাম প্রশিক্ষণ একাডেমির সামনের মেইন রাস্তা হতে শুরু হয়ে টিবি গেইট পূর্ব শাহী ঈদগাহ শাহজালাল প্রফেশনাল কলেজের সামনে গিয়ে শেষ হয়।

পুলিশ আরও জানায়, এই মিছিলে আনুমানিক ২৫-৩০ জন ছাত্রলীগের নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল শেষে তারা ৫-৬টি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়িনাই’, ‘রঞ্জিত দাদা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘নাজমুল ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এসব স্লোগান দেন।

এদিকে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অনুসারী মাসুম আহমদ মাহি সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি লিখেন, সিলেট নগরীতে এটি রঞ্জিত সরকারের অনুসারীদের মিছিল। তিনি আরও উল্লেখ করেন, মিছিলটি সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল ইসলামের নির্দেশনায় অনুষ্ঠিত হয়েছে। একই পোস্টে জেলা ছাত্রলীগ নেতা আহমেদ উদ্দিন সাজনসহ সংশ্লিষ্টদের ধন্যবাদও জানান তিনি।

মিছিলের তথ্য নিশ্চিত করেছে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বলেন, ‘ছাত্রলীগের ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।’

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘পুলিশের পক্ষ থেকে তথ্য সংগ্রহ পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.