Sylhet Today 24 PRINT

সিলেটে ছাত্রলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ৭, মামলার আসামি কারা

নিজস্ব  |  ২০ জুলাই, ২০২৬

সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে ৩জন পুলিশের দায়ের করা মামলায় এজাহার নামীয় আসামি এবং বাকি ৪জন সন্দেহভাজন বলে জানিয়েছে পুলিশ।

এ তথ্য জানিয়ে সোমবার সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, শনিবার পৃথক অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তাকৃতদের মধ্যে ৩জন এজাহার নামীয় আসামি এবং বাকি ৪জন সন্দেহভাজন আসামি রয়েছেন। আসামিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, সুবাস চন্দ্র দাস (৩২), মো শাহনুর আলী (৪২), মো. শাকিল (২০), মুয়াদ আহমদ মাহিব(২৪), শাহারিয়ার হোসেন রাহাদ (২২), মো. সাগর আহমদ (২৬) এবং সাব্বির আহমেদ শাকিল। তারা সকলেই সিলেট মহানগরীর টিলাগড় এলাকার রঞ্জিত সরকারের গ্রুপের অনুসারী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় নেতাকর্মী।

মামলায় আসামি কারা: এয়ারপোর্ট থানায় দায়ের করা ওই মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫জনকে আসামি করা হয়। আম্বরখানা পুলিশ ফাঁড়ির এএসআই (নি) রফিকুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করেন।

মামলায় আসামিরা হলেন- সৈয়দ সোহাগ (২৬), সৈয়দ সবুজ (৩৫), আহমেদ উদ্দিন সাজন (২৮), আসিফ শাহী (৩০), ফয়সল (২৯), মো. শাহ নূর আলী (৪০), আবির হোসেন (২০), রায়হান আহমদ (২১), রনি (২৪), শাকিল (২০), সুবাশ দাশ, নব মুসলিম (উরফে আব্দুল্লাহ্) (২৮), কুদ্দুস মিয়া (২৮), ইয়াসিন (২২), রুহান হোসেন (২৫), জাহান চৌধুরী (২৯), রুমায়েল আহমদ (২৮), আকিব আহমদ (২৭), রায়হান খান রুহান (২৮), অনিক অন্ত (২৮), সাদিক আহমদ (২৮), সাগর (২৬), রাসেদুল ইসলাম (২৬), মিজানুর রহমান (২৯), রিয়াজ আহমদ (৩০), শোয়েব আহমেদ (৩০), রবিন মিয়া (২৮) এবং তাদের সহযোগী অজ্ঞাতনামা ২০-২৫ জনসহ মোট ৫৩ জন।

প্রসঙ্গত, শুক্রবার (১৭ জুলাই) ভোর আনুমানিক ৬টার দিকে টিবি গেইট এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল করে। এই মিছিলে আনুমানিক ২৫-৩০ জন ছাত্রলীগের নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল শেষে তারা ৫-৬টি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

মিছিলকালে ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়িনাই’, ‘রঞ্জিত দাদা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘নাজমুল ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এসব স্লোগান দেন। এদিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই লিখেন, সিলেট নগরীতে এটি রঞ্জিত সরকারের অনুসারীদের মিছিল। মিছিলটি সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল ইসলামের নির্দেশনায় অনুষ্ঠিত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.