Sylhet Today 24 PRINT

গ্যাসের বোতলে পানি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর  |  ২১ জুলাই, ২০২৬

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বোতলজাত গ্যাসে পানি মেশানোর দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আরেক ব্যবসায়ীর কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার রানীগঞ্জ বাজারে অভিযানকালে মেসার্স মাহাদি ট্রেডার্স ও কলি ষ্টোরে অভিযান চালিয়ে সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি প্রতিনিধি দল এই অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা যায়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মঙ্গলবার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারে অভিযান চালায়। এ সময় মেসার্স মাহাদি ট্রেডার্সে থাকা বিভিন্ন এলপিজি গ্যাসের বোতল পরীক্ষা-নিরীক্ষা করে বোতলের ভেতরে গ্যাসের সাথে পানির উপস্থিতি প্রমাণ পান তারা। ওজনে কারচুপি ও গ্যাসে পানি মিশিয়ে ভোক্তাদের সাথে প্রতারণা করার দায়ে মেসার্স মাহাদি ট্রেডার্সের মালিক জাহানুর মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এছাড়া পণ্যে সঠিক লেবেল না থাকা, নকল পণ্য বিক্রিসহ মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে কলি স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ বলেন, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে ন্যায্য ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে। তিনি ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান এবং ভবিষ্যতে একই ধরনের অনিয়ম ধরা পড়লে আরো কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.