Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে রেস্টুরেন্টে গোপন কক্ষে ‘অসামাজিক কার্যক্রমের’ অভিযোগ, পুলিশের অভিযান

হবিগঞ্জ প্রতিনিধি |  ২১ জুলাই, ২০২৬

হবিগঞ্জে রেস্টুরেন্টের গোপন কক্ষে অসামাজিক কর্মকান্ডের অভিযগে এনে অভিযান চালিয়েছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) স্থানীয় বাসিন্দাদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শহরের বিভিন্ন এলাকার রেস্টুরেন্ট ও ফাস্টফুডের দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ সদর থানাধীন বেবি স্ট্যান্ড সড়ক, শ্মশানঘাট সড়ক, ব্যাক রোড এবং বৃন্দাবন সরকারি কলেজের সামনের রাস্তাসহ আশপাশের এলাকার বেশ কিছু রেস্টুরেন্টে ব্যবসার নামে অনৈতিক কর্মকান্ড চলে আসছিল। এসব দোকানে কেবিন বা গোপন কক্ষ বানিয়ে অসামাজিক কার্যক্রম চলতো। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সদর থানা পুলিশ ওইসব এলাকার চিহ্নিত রেস্টুরেন্টগুলোতে অভিযান চালায়।

অভিযানকালে পুলিশ বিভিন্ন রেস্টুরেন্টের গোপন কক্ষগুলো তল্লাশি করে এবং অসামাজিক কার্যকলাপ সম্পূর্ণ বন্ধের নির্দেশ দেয়।

হবিগঞ্জ সদর থানার ওসি জাহিদুল হক জানান, খাবারের দোকানের নামে ছোট ছোট গোপন রুম তৈরি করে অনৈতিক পরিবেশ গড়ে তোলা কোনোভাবেই বরদাশত করা হবে না। রেস্টুরেন্ট মালিকদের সতর্ক করে দেওয়া হয়েছে, পরবর্তীতে এ ধরনের কর্মকান্ড পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.