দিরাই প্রতিনিধি | ২২ জুলাই, ২০২৬
সুনামগঞ্জের দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন ও যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদারকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করে জেলা বিএনপির কাছে লিখিত আবেদন পাঠিয়েছেন উপজেলা ও পৌর বিএনপির একাংশের নেতারা। একই সঙ্গে চলমান অভ্যন্তরীণ বিরোধের মধ্যেই অপর পক্ষ বৃহস্পতিবার পাল্টা সমাবেশের ঘোষণা দিয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরীসহ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির ২৩ সদস্য বহিষ্কারের সুপারিশসংবলিত চিঠিতে স্বাক্ষর করেন। গত সোমবার জেলা বিএনপির আহ্বায়ক কলিমউদ্দিন মিলন ও সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হকের কাছে চিঠিটি পাঠানো হয়।
স্থানীয় বিএনপির নেতারা জানান, জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময় থেকে দিরাই উপজেলা বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। তাদের অভিযোগ, সংসদ সদস্যকে ঘিরে একটি ছোট্ট গ্রুপ দলীয় কার্যক্রম নিয়ন্ত্রণ করছে এবং সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের সঙ্গে জড়িত রয়েছে।
এর আগে গত ৬ জুলাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনসহ চার নেতা সংবাদ সম্মেলন করেন। অভিযোগ রয়েছে, ওই সংবাদ সম্মেলনের বিষয়ে উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির অধিকাংশ সদস্যকে অবহিত করা হয়নি। এর প্রতিবাদে ১৬ জুলাই উপজেলা ও পৌর বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দুর্নীতির অভিযোগ এবং অতীতে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ এনে আমির হোসেন ও হুমায়ুন কবির তালুকদারকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে উপজেলা ও পৌর বিএনপির একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গৌছের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তুলে ধরেন বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অন্যদিকে, চলমান বিরোধের মধ্যেই গত রোববার ঢাকায় সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর সঙ্গে বৈঠক করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন এবং যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার। ঢাকা থেকে ফিরে তারা দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেন। ওই বৈঠক থেকে বৃহস্পতিবার 'উন্নয়ন অগ্রযাত্রার সমাবেশ' নামে একটি পাল্টা সমাবেশের ঘোষণা দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন বলেন, স্থানীয় এমপি ও সরকারের বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালিয়ে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতেই বৃহস্পতিবার উন্নয়ন অগ্রযাত্রার সমাবেশের আয়োজন করা হয়েছে।
অপরদিকে পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন ও যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদারের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাদের বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। বিষয়টি জেলা কমিটিকে জানানো হয়েছে। এখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জেলা বিএনপি।