Sylhet Today 24 PRINT

সিলেটের দুই হাসপাতালকে জরিমানা, ১৫ দিনের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক |  ২২ জুলাই, ২০২৬

সিলেট নগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে দুটি বেসরকারি হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকালে সিলেট জেলা প্রশাসন ও সিভিল সার্জনের কার্যালয় থেকে পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়। এসময় লাইসেন্স নবায়নের জন্য হাসপাাতাল দুটিকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দেয় আদালত।

হাসপাতাল দুটি হলো- নগরের হাওয়াপাড়া এলাকার সেন্ট্রাল হাসপাতাল ও দর্শনদেউড়ি এলাকার সুরমা ভ্যালি হাসপাতাল।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, প্রথমে সেন্ট্রাল হাসপাতালে অভিযান চালানো হয়। এসময় অনিয়মের প্রমাণ পেয়ে হাসপাতালটিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে দু’সপ্তাহের মধ্যে তাদের লাইসেন্স নবায়ন করার আল্টিমেটামও দেওয়া হয়েছে। অন্যতায় হাসপাতালটি সিলগালা করার কথা ঘোষণা করেছেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তানভির হাসান সজিব।

এরপ সুরমা ভ্যালি হাসপাতালে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এসময় ওই প্রাইভেট হাসপাতালকে জরিমানা প্রদান করা হয়েছে। একই সময়ে হাসপাতাল কর্তৃপক্ষকে তাদের কাগজপত্র ঠিক করতে ১৫দিন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব জানান, লাইসেন্স না থাকার জন্য মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী সিলেট মহানগরীর আম্বরখানা দর্শনদেউড়ী এলাকার সুরমা ভ্যালী হাসপাতালে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। অভিযানের সময় লাইসেন্স না থাকার জন্য এবং বিভিন্ন অনিয়মের জন্য ওই হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে তাদের প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করতে ১৫ দিনের সময়সীমা বেঁধে আল্টিমেটাম দেওয়া হয়। একই অভিযানে সুরমা ভ্যালী ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

তানভীর হোসাইন সজীব বলেন, ‘জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী জেলার হাসপাতালগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের লাইসেন্স, আইনগত অনুমোদন ও ওষুধ বিক্রির বিধিবিধান যথাযথভাবে মানা হচ্ছে ক- না, তা নিশ্চিত করতেই এ অভিযান। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, এর আগে সোমবার সিলেটের মির্জাজাঙ্গালের সেফওয়ে হাসপাতাল ও মঙ্গলবার শিবগঞ্জের আল-বারাকা চক্ষু হাসপাতালেও অভিযান চালানো হয়। এরমধ্যে সেফওয়ে হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে। আর আল বারাকা চক্ষু হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি দু’ সপ্তাহের মধ্যে লাইসেন্স নবায়নের আল্টিমেটাম দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.