Sylhet Today 24 PRINT

এআই দিয়ে অশালীন ছবি ছড়ানোর অভিযোগ সিলেটের কনটেন্ট ক্রিয়েটর রাফিয়ার

সাইবার ট্রাইব্যুনালে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক |  ২৩ জুলাই, ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার করে নিজের বিকৃত ও ভুয়া ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর অভিযোগ এনেছেন সিলেটে কনটেন্ট নির্মাতা রাফিয়া আক্তার বৃষ্টি। এই অভিযোগে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করেছেন তিনি।

তার দাবি, উদ্দেশ্যপ্রণোদিত এসব করছে একটি গোষ্ঠি। আর আদালতের কাছে ন্যায়বিচার চেয়েছেন রাফিয়ার আইনজীবী।

বৃহস্পতিবার আদালত প্রাঙ্গণে রাফিয়া অভিযোগ করে বলেন, মাত্র আঠারো দিনের ব্যবধানে সামাজিক যোগাযোগমাধ্যমে আমার ছবি বিকৃত করে প্রকাশ করা হয়েছে একের পর এক পোস্ট ও ফটোকার্ড। এর কয়েকটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে বিকৃত করা হয়েছে ছবি।

তিনি বলেন, আমি কেবল নারী নই, আমি একজন মা। আমার বাচ্চা যদি বড় হয়ে এসব বিকৃত ছবি দেখে তাহলে কি মনে করবে। আমার বাবা হার্টের রোগী, বৃদ্ধ মানুষ। তিনি তো আর বুঝবেন না এগুলো এআই’র মাধ্যমে ছাড়া হয়েছে।

সিলেটি ভাষার কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন রাফিয়া আক্তার বৃষ্টি। তবে এবার নতুন কোনো কনটেন্ট নয়, বরং ছবি বিকৃত করে অপপ্রচার ও মানহানির অভিযোগে আইনের দ্বারস্থ হয়েছেন তিনি।

অজ্ঞাতনামা একজনকে আসামি করে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে করা মামলার এজাহারে তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তার ছবি বিকৃত করে ভুয়া ফটোকার্ড ও মানহানিকর পোস্ট ছড়িয়ে ব্যক্তিগত ও সামাজিকভাবে তাকে হেয় করার চেষ্টা করা হয়েছে।

আদালতে জমা দেওয়া পিটিশন অনুযায়ী, গত ২৬ জুন থেকে ১৩ জুলাইয়ের মধ্যে বিভিন্ন সময়ে তার ছবি ব্যবহার করে একাধিক পোস্ট প্রকাশ করা হয়। সেখানে তার বিরুদ্ধে রোগে আক্রান্ত হওয়া, প্রতারণা, হানিট্র্যাপ, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা এবং অল্প সময়ে অবৈধভাবে সম্পদের মালিক হওয়ার মতো অভিযোগ ছড়ানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

বাদীর দাবি, এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। শুধু তাই নয়, তার ফেসবুক আইডিতে বারবার রিপোর্ট করে কনটেন্টের স্বাভাবিক প্রচার ব্যাহত করার চেষ্টাও করা হয়েছে বলেও অভিযোগ করেন রাফিয়া।

পিটিশনে আরও বলা হয়েছে, একটি ফেসবুক গ্রুপে বিদেশে থাকা এক ব্যক্তির কাছ থেকে অর্থ নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ তুলে তার ছবি ব্যবহার করে পোস্ট করা হয়। পাশাপাশি ভবিষ্যতে আরও তথ্য ও ছবি প্রকাশের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন বাদী।

রাফিয়ার অভিযোগ, ধারাবাহিক এসব অপপ্রচারের কারণে তিনি এবং তার পরিবার সামাজিক, মানসিক, আর্থিক ও পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এ ব্যাপারে বাদীর আইনজীবী মো. জাবের হুসাইন বলন, সাইবার সুরক্ষা আইনের, ২০২৬ এর ২২, ২৫ এবং ২৭ ধারায় মামলা করা হয়েছে। মামলা নং- ১২৯/ ২০২৬। এসব মামলা জামিন অযোগ্য করার দাবি জানিয়ে তিনি বলেন, মক্কেলের ছবি এআই প্রযুক্তি দিয়ে সম্পাদনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হচ্ছে। আদালতের কাছে ন্যায়বিচার চান তিনি।

মামলার নথিতে বলা হয়েছে, প্রথমে থানায় অভিযোগ করতে গেলেও তা গ্রহণ করা হয়নি। পরে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হলে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে পিটিশন দাখিল করেন বাদী।

সাইবার ট্রাইব্যুনাল, সিলেট সূত্রে জানা গেছে, মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনারকে (গোয়েন্দা) ২০ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত পূর্বক তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.