Sylhet Today 24 PRINT

সিলেটে সুরমা-কুশিয়ারার পানি বিপৎসীমা ছাড়িয়েছে, অব্যাহত থাকবে ভারী বর্ষণ

নিজস্ব প্রতিবেদক |  ২৩ জুলাই, ২০২৬

ফাইল ছবি

সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এ তথ্য জানিয়েছে।

এদিকে, সিলেটে ভারী বর্ষণ অব্যাহত থাকবে বলে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর।

পাউবো সিলেট অফিসের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে সিলেট পয়েন্টে গেল ২৪ ঘন্টায় ৯ সেন্টিমিটার বাড়লেও বিপৎসীমার নিচে রয়েছে। কুশিয়ারা নদীর পানি আমলশীদ পয়েন্টে বিপৎসীমার সমানস্তরে এবং ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৩৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে পানি বাড়লেও শেওলা ও শেরপুর পয়েন্টে পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে। এছাড়া সারিগোয়াইন, পিয়াইন, লোভা ও ধলাই নদীর পানিও কিছুটা বেড়েছে। তবে এখনো নদীগুলোর পানি বিপৎসীমার নিচে রয়েছে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিলেটে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে বিভাগের অনেক স্থানে মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় দমকা হাওয়া ও বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার পাঠানো ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। সন্ধ্যা ৬টায় তা বেড়ে ৯৬ শতাংশে পৌঁছায়।

গত ২৪ ঘণ্টায় (২২ জুলাই সকাল ৬টা থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ১৮ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ১৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এদিকে, সিলেটের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ জানান, ভারতের আসামের বন্যার পানি নামছে। যে কারণে সুরমা ও কুশিয়ারায় পানি বেড়েছে। তবে আপাতত নতুন করে সিলেট কিংবা ভারতের আসাম, মেঘালয়ে ভারি বর্ষনের কোন পূর্বাভাস নেই। তাই সিলেট অঞ্চলে বন্যার কোন আশঙ্কা নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.