Sylhet Today 24 PRINT

অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুলাই, ২০২৬

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন (বিএএ) আয়োজিত ২১তম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬-এর সিলেট আঞ্চলিক বাছাই পরীক্ষা শুক্রবার সিলেট সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় সংগীতের মাধ্যমে সূচিত উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.হুমায়ুন রশিদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন (বিএএ) কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ফরিদ উদ্দিন।
অতিথিরা বলেন, বর্তমান বিশ্বে জ্যোতির্বিজ্ঞান একটি বিজ্ঞান, প্রযুক্তি, গণিত ও গবেষণার সমন্বিত একটি ক্ষেত্র। অ্যাস্ট্রো-অলিম্পিয়াড আগামী প্রজন্মের বিজ্ঞানী, গবেষক ও উদ্ভাবকদের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে।

বক্তব্য দেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন, সিলেটের আহ্বায়ক অধ্যাপক বিজিত কুমার ভট্টাচার্য, সদস্য ফুজায়েল আহমদ,কালাম জুবায়ের নিশাদ।

এবার সিলেট আঞ্চলিক আঞ্চলিক পর্বে দুই গ্রুপে নির্বাচিত হয়েছেন মোট ৩০ জন। বিজয়ীরা আগামী ৩১ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্বে অংশগ্রহণ করবে। জাতীয় পর্বে নির্বাচিতদের নিয়ে একটি আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হবে। ওই ক্যাম্প থেকে ছয় সদস্যের বাংলাদেশ দল নির্বাচন করা হবে, যারা আন্তর্জাতিক অ্যাস্ট্রো-অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

উল্লেখ্য , বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন ১৯৮৮ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশে জ্যোতির্বিজ্ঞান চর্চা ও এর প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.