Sylhet Today 24 PRINT

রাস্তার বেহাল দশায় দুর্ভোগে চুনারুঘাটের ৫০ হাজার মানুষ

শংকর শীল, চুনারুঘাট |  ২৫ জুলাই, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ধলাঝাই ও উছমানপুরসহ আশপাশের এলাকার সড়কগুলোর বেহাল দশা কাটছে না। দীর্ঘ দিন ধরে সংস্কার না হওয়ায় এসব সড়ক দিয়ে যাতায়াতে প্রায় ৫০ হাজার মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়কের এই জীর্ণ অবস্থার প্রভাব পড়ছে স্থানীয়দের সামাজিক জীবনেও; যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় ভেঙে যাচ্ছে অনেক তরুণ-তরুণীর বিয়ের সম্বন্ধ।

স্থানীয়দের অভিযোগ, সড়কটি চুনারুঘাট উপজেলা পরিষদের আওতাধীন একটি গুরুত্বপূর্ণ পথ। বর্ষা মৌসুমে এটি কাদা ও বড় বড় গর্তে পরিণত হয়, ফলে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। অনেক সময় পায়ে হেঁটে চলাচল করাও দুঃসাধ্য হয়ে পড়ে। রাস্তা এতটাই খারাপ যে বাইরের এলাকার মানুষ এই অঞ্চলে আত্মীয়তা করতে আগ্রহী হন না। ফলে বিয়ের আলোচনা অনেক দূর এগোলেও শেষ পর্যন্ত যাতায়াত সমস্যার কারণে তা ভেঙে যায়।

সড়কের এই বেহাল দশার কারণে জরুরি রোগীদের হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়েছে। শিক্ষার্থীরা সময়মতো স্কুল-কলেজে যেতে পারছে না, যার নেতিবাচক প্রভাব পড়ছে তাদের লেখাপড়ায়। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত এলাকায় পৌঁছাতে না পারায় অপরাধ ও মাদক নির্মূলেও সমস্যা দেখা দিচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী জানান, জনদুর্ভোগের বিষয়টি তার নজরে আছে। অচিরেই এই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে বলে তিনি আশ্বস্ত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.