Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে চা শ্রমিককে মারধরের প্রতিবাদে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৫ জুলাই, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি পালন ও মানববন্ধন করেছেন চা শ্রমিকরা। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শনিবার এ কর্মসূচি পালন করা হয়।

শনিবার (২৫ জুলাই) সকালে জাগছড়া চা বাগানের চা কারখানার সম্মুখে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাগানের দুইশতাধিক শ্রমিক অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি জাগছড়া চা বাগানের শ্রমিক বিরবল প্রজাপতির ওপর হামলার ঘটনায় শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ ধরনের ঘটনায় শ্রমিকদের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। তারা হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে শ্রমিকদের ওপর কোনো ধরনের হামলা বা হয়রানি যাতে না ঘটে, সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, স্থানীয় ইউপি সদস্য মিঠুন সিং রাওতিয়া এবং জাগছড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক জয়রাম পাশীসহ শ্রমিক নেতারা।

এদিকে ভুক্তভোগী শ্রমিকের পরিবারের পক্ষ থেকে শ্রীমঙ্গল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়, গত ৩০ জুন রাতে জাগছড়া চা বাগানে শ্রমিক বিরবল প্রজাপতিকে এলোপাথাড়ি ভাবে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.