নিজস্ব প্রতিবেদক | ২৫ জুলাই, ২০২৬
আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগ করায় আন্দোলনরত ছাত্র-জনতাকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি বলেন, ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছে। বাংলাদেশের জুলাই বিপ্লবীদের পক্ষ থেকে ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের অভিনন্দন জানাই।
শনিবার (২৫ জুলাই) সিলেটে ১১ দলীয় ঐক্যের সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাহিদ বলেন, সরকার ৩১ দফার মূলা ঝুলিয়ে দেশের মানুষের সাথে প্রতারণা করেছে। সংস্কার না করায় দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলায় সরকার আন্তর্জাতিক সহায়তা পাচ্ছে না।
সংবিধান সংস্কারের দাবি জানিয়ে নাহিদ বলেন, দেশের মানুষ সংস্কারের জন্য জীবন দিয়েছে, কিন্তু বিএনপির কিছু বুদ্ধিজীবী বলছে সংশোধন প্রয়োজন।
বিএনপি সকল সরকারি সংস্থাকে দলীয়করণ করেছে৷ বলেও অভিযোগ করেন তিনি।
শনিবার দুপুরে নগরের আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
এরআগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। আন্দোলনের মুখে নরেন্দ্র মোদির মন্ত্রীসভায় এটিই প্রথম কোনো পদত্যাগ।