Sylhet Today 24 PRINT

কেন্দ্রের চিঠি : বড়লেখায় প্রার্থী নির্বাচনে আ’লীগের তোড়জোড়, কাল ও পরশু বর্ধিত সভা

তপন কুমার দাস, বড়লেখা থেকে |  ১৯ ফেব্রুয়ারী, ২০১৬

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে যোগ্য একক প্রার্থীর তালিকা দ্রুত কেন্দ্রে পাঠানোর নির্দেশ আসায় গত বৃহস্পতিবার থেকে মৌলভীবাজারের বড়লেখায় তোড়জোড় শুরু হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের চিঠি হাতে পৌঁছার পর উপজেলার দশটি ইউনিয়নে একক চেয়ারম্যান প্রার্থী নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ।

এ উপলক্ষে আগামীকাল ২০ ফেব্রুয়ারি শনিবার ও ২১ ফেব্রুয়ারি রবিবার আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনে বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

বর্ধিত সভা উপলক্ষে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে দেখা-সাক্ষাৎ করে মতবিনিময়সহ দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সন্তুষ্টি লাভের জন্যও দৌড়ঝাঁপ করছেন। দশ ইউনিয়নে কারা হচ্ছেন আওয়ামী লীগের নৌকার কান্ডারি এ নিয়ে চলছে আলোচনা জল্পনা-কল্পনা। অধিকাংশ ইউনিয়নে একাধিক প্রার্থী থাকায় কার ভাগ্যের ছিঁকে ছিড়বে তা নিয়ে দুঃচিন্তায় রয়েছেন প্রার্থী ও তার সমর্থকরা।

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, সভায় উপজেলার দশ ইউনিয়ন কমিটির আওয়ামী লীগের নেতৃবৃন্দ ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে পৌরসভা মিলনায়তনে বর্ধিত সভা করে ১জন চেয়ারম্যান প্রার্থীর নাম সুপারিশ করবেন। সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি ও সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিনসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

২০ ফেব্রুয়ারি বর্নি, দাসেরবাজার, নিজবাহাদুরপুর, দক্ষিণ শাহবাজপুর, বড়লেখা সদর ও তালিমপুর ইউনিয়ন পরিষদ এবং ২১ ফেব্রুয়ারি উত্তর শাহবাজপুর, দক্ষিণভাগ দক্ষিণ, দক্ষিণভাগ উত্তর ও সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

বড়লেখার ১০টি ইউনিয়নে আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন-বর্ণি ইউনিয়নে সাবেক চেয়ারম্যান এনাম আহমদ, শামীম আহমদ, দাসের বাজার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মাহতাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা নজব উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা: স্বপন চক্রবর্তী, সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউর রহমান।

নিজবাহাদুরপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস শুক্কুর, আওয়ামী লীগ নেতা হাজী ময়নুল ইসলাম, ইউপি সদস্য ছলিম উদ্দিন, ওয়াহিদুর রহমান, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন।

বড়লেখা সদর ইউনিয়নে এখন পর্যন্ত একক প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ, তালিমপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সুনাম উদ্দিন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি দাস, এখলাছুর রহমান, ইউপি সদস্য বেলাল আহমদ, নাজমুল ইসলাম, উত্তর শাহবাজপুর ইউনিয়নে আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি রফিক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আহমদ জুবায়ের লিটন, সাবেক ছাত্রনেতা মো. মুমিনুর রহমান টনি, দক্ষিণভাগ দক্ষিণে বর্তমান চেয়ারম্যান আজির উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুভ্রত কুমার দাস শিমুল, যুবলীগ নেতা সমছুল ইসলাম, মহিউদ্দিন আহমদ আদনান, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম, যুবলীগ নেতা এনাম আহমদ ও সুজানগর ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি ইমরুল ইসলাম লাল ও সাবেক ছাত্রনেতা ময়নুল ইসলাম মাসুম।

বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন আজ শুক্রবার কেন্দ্রের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করে সিলেটটুডে টুয়েন্টিফোরকে বলেন ‘একক প্রার্থী নির্বাচনের জন্য ২০ ও ২১ ফেব্রুয়ারি দশ ইউনিয়নের আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে’।’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.