Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট লজ্জাবতী বানর উদ্ধার করে বন বিভাগে দিলেন চা শ্রমিকরা

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৬ জুলাই, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত একটি লজ্জাবতী বানরকে উদ্ধার করে প্রাথমিক সেবা শুশ্রূষার পর বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন চা শ্রমিকরা।

শনিবার (২৬ জুলাই) সকালে শ্রীমঙ্গলের জেরিন চা বাগানে কাজে যাওয়ার পথে কয়েকজন চা শ্রমিক রাস্তার পাশে একটি লজ্জাবতী বানরকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা প্রাণীটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে প্রাথমিক সেবাশুশ্রূষা করেন।

চা শ্রমিক খোকন মাদ্রাজি ও সাগর কাহার জানান, বানরটির শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার স্পষ্ট চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণীটি গুরুতর আহত হয়। পরে তারা আহত লজ্জাবতী বানরটিকে শ্রীমঙ্গল রেঞ্জ অফিসে নিয়ে গিয়ে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট তাজুল ইসলাম বলেন, সকালে আহত লজ্জাবতী বানরটিকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে সেটিকে উদ্ধারকেন্দ্রে নেওয়া হয়েছে। প্রাণীটির শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। বর্তমানে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা চলছে।

তিনি আরও জানান, প্রাণীটির শারীরিক অবস্থার উন্নতি হলে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.