সিলেটটুডে ডেস্ক | ১৯ ফেব্রুয়ারী, ২০১৬
সিলেট জেলা স্টেডিয়াম ভর্তি হাজারো মানুষ। তিল ধারণের ঠাই নেই, তবুও সপরিবার-সবান্ধব আসছেন মানুষ। বাউল সম্রাট শাহ্ আবদুল করিমের ভক্ত ও গুণগ্রাহীদের ভালোবাসায় মুগ্ধতায় সাঙ্গ হলো বাউল শাহ্ আবদুল করিম জন্মশতবার্ষিকী উদযাপনে সিলেটের উৎসব।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ৩দিনব্যাপী উৎসবের শেষদিনে সঙ্গীত পরিবেশন করে মুগ্ধ করে ভারতের প্রখ্যাত লোকগানের দল ‘দোহার’।
দলীয় পরিবেশনায় ‘বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে’ এবং ‘আসি বলে গেলো বন্ধু আইলো না’ গানের মধ্যে দিয়ে শুরু হয় শেষ দিনের পরিবেশনা। শেষ দিনে বক্তব্য রাখেন ড. রাজীব কর, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইইউ শহীদুল ইসলাম শাহীন ও তাড়লের চেয়ারম্যান নুরুল হক তালুকদার। পরে বাউল শাহ্ আবদুল করিমের জীবন ও দর্শনের উপর প্রখ্যাত নির্মাতা শাকুর মজিদ নির্মিত তথ্যচিত্র ‘ভাটির পুরুষ প্রদর্শিত হয়।
শেষ দিনে বাউল শাহ্ আবদুল করিমের সঙ্গীত পরিবেশন করেন সিলেটের প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী জামাল উদ্দিন হাসান বান্না, বাউল কালা মিয়া, বাউল সূর্যলাল, মিতালী চক্রবর্তী, অরুণ কান্তি তালুকদার, মীনাক্ষী দেব, তন্বী দেব, কাকলী দত্ত মুন্নী, আবুল কালাম আজাদ, তানজীদা হক তালুকদার। এছাড়াও দলীয় সঙ্গীত পরিবেশন করে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমী এবং নৃত্য পরিবেশন করে একাডেমী অব মনিপুরী কালচার এন্ড আর্টস।
তবে শেষ দিনের আকর্ষণ ভারতের কলকাতার প্রখ্যাত লোকগানের দল ‘দোহার’ মঞ্চে ওঠে রাত সাড়ে আটটায়। উপস্থিত হাজারো দর্শককে বিমোহিত করে তাঁরা পরিবেশন করে বাউল শাহ্ আবদুল করিমের গান। তাদের পরিবেশনার মধ্যে দিয়ে শেষ হয় বাউল সম্রাট শাহ্ আবদুল করিম জন্মশতবার্ষিকী উৎসব।
উল্লেখ্য, শাহ্ আবদুল করিম জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় পর্ষদের উদ্যোগে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও সিলেট উৎসব কমিটির ব্যবস্থাপনায় বুধবার বিকেল ৪টায় সিলেট জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে উৎসব উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার সুজেয় শ্যাম ও শাহ আবদুল করিম জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় পর্ষদের আহ্বায়ক গোলাম কুদ্দুছ।