Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে বিজিবির গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

জৈন্তাপুর প্রতিনিধি |  ৩১ জুলাই, ২০২৬

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি ডাবল কেবিন পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামে এক ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) সকাল আনুমানিক ১০টা ৫ মিনিটে উপজেলার ৪ নম্বর দরবস্ত ইউনিয়নের সারিঘাট এলাকার আব্দুল শহীদ স্টোরের সামনে তামাবিল-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটের আখালিয়া থেকে তামাবিলের দিকে যাচ্ছিল ৪৮ বিজিবির একটি ডাবল কেবিন পিকআপ (নম্বর- সিলেট ঠ-১১-০০৩২)। একই সময়ে সারিঘাট থেকে দরবস্তের দিকে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন সাদ্দাম হোসেন। মহাসড়কে ওঠার সময় বিজিবির পিকআপের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর তিনি পিকআপের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত তাঁকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সাদ্দাম হোসেনকে মৃত ঘোষণা করেন।

নিহত সাদ্দাম হোসেন রাজশাহী জেলার বাগমারা উপজেলার জামালপুর গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি বিকন ফার্মাসিউটিক্যালসের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন। কর্মসূত্রে তিনি সিলেট অঞ্চলে দায়িত্ব পালন করতেন।

জানা গেছে, সাদ্দাম হোসেন জৈন্তাপুর বুথে কোম্পানির টাকা জমা দিয়ে মোটরসাইকেলযোগে তাঁর দায়িত্বপ্রাপ্ত এলাকা দরবস্তের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। অন্যদিকে, ৪৮ বিজিবির একটি টিম নিয়মিত সীমান্ত টহল ও দায়িত্ব পালনের অংশ হিসেবে সিলেটের আখালিয়া থেকে তামাবিলের দিকে যাচ্ছিল।

খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে নিহতের স্বজনরা হাসপাতালে পৌঁছালে তাঁদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হয়েছে। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিকন ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার আবির হোসেন জানান, ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে যায়। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে তামাবিল-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্কের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.