Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেপ্তার

কমলগঞ্জ প্রতিনিধি |  ৩১ জুলাই, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে ১৭ বছর বয়সী এক তরুণীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে লায়েস আহমেদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত লায়েস পেশায় একজন ট্রলি চালক এবং এলাকায় চিহ্নিত মাদকাসক্ত হিসেবে পরিচিত।

গত বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল এলাকার ‘শ্যামল ছায়া আবাসনের নিজ ঘর থেকে তাকে গ্রেপ্তার করে কমলগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত লায়েস ওই গ্রামের মৃত আনিছ মিয়ার ছেলে।

পুলিশ ও দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ জুলাই দুপুরে যোগীবিল গ্রামে ভিকটিমের বসতঘরে এই শ্লীলতাহানির ঘটনা ঘটে। ভিকটিমের বড় ভাই রাজমিস্ত্রি খালেদ মিয়া (২৫) সকালে কাজের উদ্দেশ্যে বাইরে যান এবং তার মা কাজের সূত্রে ঢাকায় অবস্থান করছিলেন। ঘর ফাঁকা থাকার সুযোগে অভিযুক্ত লায়েস ভেতরে প্রবেশ করে ভিকটিমের মুখ চেপে ধরে ধর্ষণের উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং পোশাক খোলার চেষ্টা চালায়। এ সময় তরুণীর চিৎকারে স্থানীয় হাসিম মিয়া, নেওয়াজ মিয়া, নজরুল ইসলাম ও পারভীন বেগমসহ আশপাশের লোকজন ছুটে এলে লায়েস দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ইউপি চেয়ারম্যান-মেম্বারদের সঙ্গে পরামর্শ করে ভিকটিমের ভাই খালেদ মিয়া কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব, এসআই রাজু এবং এসআই রনির নেতৃত্বে কমলগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার শ্যামল ছায়া আবাসন থেকে তাকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি মো. কমর উদ্দিন জানান, আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.