Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে হামলায় আহত হলেও মামলা করবেন না পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক |  ০১ আগস্ট, ২০২৬

সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা থেকে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগ ওঠেছে। শুক্রবার রাতের এ হামলায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী আহত হন বলে অভিযোগ করা হয়েছে।

তবে হামলায় আহত হলেও এ ঘটনায় কোন মামলা করবেন না বলে জানিয়েছেন এনসিপির এই নেতা।

এ প্রসঙ্গে পাটোয়ারি বলেন, আমরা এসপিকে জানিয়েছি, পুলিশকে জানিয়েছি। তবে এনিয়ে আমি আদালতে বা কোথাও যাবো না, এটাকে পার্সোনালি নিলাম।

যদিও পুলিশের পক্ষ থেকে এই হামলার ঘটনা অস্বীকার করা হচ্ছে।

শুক্রবার রাতে জৈন্তাপুর থেকে নগরীতে ফিরে সাংবাদিকদের সাথে আলাপকালে নাসিরুদ্দীন পাটওয়ারী এমনটি বলেন।

মামলা করবেন বলেও জানিয়েছেন গতকাল রাত জৈন্তাপুরের ওই গাড়িবহরের সাথে থাকা এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও।

মামলা করবেন কী না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হবিগঞ্জে একটা ১৮ বছরের ছেলের রড দিয়ে আঘাত করে চোখ নষ্ট করে দেওয়া হয়েছে। এ ঘটনায় আমরা মামলা করেছি। কিন্তু কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এ ব্যাপারে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হলে আমরা একটা ভরসা পেতাম। ফলে এই প্রহসনের আইনগত ব্যবস্থা নিয়ে কী হবে? তাই আমাদের সরাসরি তানেক রহমানের কাছে জিজ্ঞসা, তিনি আেলে কী চান, এটা আমরা জানতে চাই।

এসময় নাসিরুদ্দীন পাটোয়ারী আরও বলেন, শেখ হাসিনা আমাদের রিমাণ্ডে নিয়েছিলো। তাকে আমরা দেশ থেকে তাড়িয়েছি। তারেক রহমান আপনি মস্তবড় ভুল করেছেন, এজন্য আপনাকে কাফফারা দিতে হবে। এমন কাফফারা যা আপনি এক্সপেক্ট করবেন না। আপনি আমাকে পার্সোনাল রক্ত ঝরিয়েছেন। আপনি আমার বয়সে বড়, ছোটভাই রক্ত প্রতিশোধ নিবে। আপনার থেকে আমি পার্সোনালি রক্তের প্রতিশোধ নিবো

পুলিশের অস্বীকার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার পিছনে এএসপির গাড়ি ছিল, সামনে পুলিশের গাড়ি ছিল। পাশে মোটরকেড ছিল। এখনো গাড়ি ভাঙা আছে, ইট আছে, আঘাত আছে। আমরা আশা করবো যে পুলিশ ভাইয়েরা তাদের চরিত্র পরিবর্তন করবে।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম মোল্লা বলেন, হামলার অভিযোগ সম্পূর্ণ ভুয়া। এরকম কিছুই ঘটেনি। সমাবেশ শেষে তারা নিরাপদে জৈন্তাপুর ছেড়ে গেছেন। রাস্তায়ও তাদের সাথে পুলিশ রয়েছে। এছাড়া তুমুল বৃষ্টি হচ্ছে। রাস্তায় কোন মানুষজনও নেই। ফলে হামলার অভিযোগ সঠিক নয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.