নিজস্ব প্রতিবেদক | ০১ আগস্ট, ২০২৬
সিলেটে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। শনিবার সকালে সিলেট সদর উপজেলা ছাত্রলীগের ব্যানারে মিছিল করা হয়।
তবে মহানগর পুলিশ বলছে, মিছিলের কিছু ছবি ফেসবুকে পাওয়া গেলেও মিছিলটি আজকেই হয়েছে কী না এ ব্যাপারে তারা নিশ্চিত নন।
জানা যায়, শনিবার (১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে সিলেট সদর উপজেলায় সিলেট সদর উপজেলা ছাত্রলীগের ব্যানারে এই ঝটিকা মিছিল দেওয়া হয়। মিছিলে আনুমানিক ২০-২৫ জন ছাত্রলীগের নেতাকর্মী অংশ নেন। এসময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,’ ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই,’ ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাপবে,’-সহ নানা স্লোগান দেন।
সিলেট সদর উপজেলা ছাত্রলীগ মোহাম্মদ আলী সফাত তার ফেসবুক আইডিতে মিছিলের কয়েকটি ছবি শেয়ার করে লিখেন, দেশরত্ন শেখ হাসিনার নামে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের দাবিতে সিলেট সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল।
আত্মগোপনে থাকা সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল ইসলাম তার ফেসবুক আইডিতে মিছিলের একটি ভিডিও শেয়ার দেন। সেখানে তিনি লিখেন, ‘আগষ্টের শুরুতেই সহযোদ্ধাদের মুক্তি এবং জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নামে দায়েরকৃত মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিলে উত্তাল সিলেট। বাংলাদেশ ছাত্রলীগ ,সিলেট সদর উপজেলা শাখার নেতাকর্মীদের উদ্যোগে সিলেট সদর উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে আজ সকালে অনুষ্ঠিত এই মিছিলে অংশগ্রহণকারী সকল সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা।’
তিনি আরও লিখেন ‘সদর থেকে শুরু, আশাকরি এই আওয়াজ সিলেটের ১৩-টি উপজেলা এবং ০৫টি পৌরসভাতেও পৌঁছাবে খুব দ্রুত।’
এই বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের একটি তথ্য পেয়েছি। এ সংক্রান্ত ছবি ও ভিডিও দেখে আমরা নিশ্চিত হতে পারছি না মিছিলটি আজকেই হয়েছে কী না। তবে এ ব্যাপারে আরও তথ্য সংগ্রহ ও যাছাই বাছাই চলছে।