চুনারুঘাট প্রতিনিধি | ০২ আগস্ট, ২০২৬
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর মো. রুহল আমীনের (৬৫) বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
ওই গৃহবধূ বাদী হয়ে গত ২৩ জুলাই হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ এই মামলা করেন। অভিযুক্ত রুহল আমীন উপজেলার ১ নম্বর গাজীপুর ইউনিয়নের দুধপাতিল গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে ওই গৃহবধূর সঙ্গে রুহল আমীনের ছেলে মাসুক মিয়ার বিয়ে হয়। মাসুক মিয়া দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পক্ষাঘাতগ্রস্ত (হাত-পা অচল) অবস্থায় দেশে ফেরেন। শাশুড়ির মৃত্যু এবং স্বামীর শারীরিক অসুস্থতার সুযোগ নিয়ে শ্বশুর রুহল আমীন পুত্রবধূর ওপর কুদৃষ্টি দেন এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব ও হুমকি দিয়ে আসছিলেন।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, গত ২১ জুন সকাল ১০টার দিকে ভুক্তভোগীর স্বামী বাড়ির বাইরে গেলে শ্বশুর আবারও তাকে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হয়ে গৃহবধূ নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে অভিযুক্ত শ্বশুর শাবল দিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে গৃহবধূর মুখ ওড়না দিয়ে চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় গৃহবধূর চিৎকারে তার অসুস্থ স্বামী ও প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।
ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য সেলিম আহমেদ সোনাই ঘটনাস্থলে গেলে অভিযুক্ত রুহুল আমীন তার সঙ্গেও কুরুচিপূর্ণ আচরণ করেন বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বিচারের দাবিতে আদালতের দ্বারস্থ হন।
চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) মীর আল-আমীন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।