Sylhet Today 24 PRINT

সড়কের পাশে হাওড়ের টাটকা মাছ

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং |  ০২ আগস্ট, ২০২৬

হবিগঞ্জ-বানিয়াচং সড়কের আতুকুড়া গ্রামের ব্রিজ সংলগ্ন এলাকায় প্রতিদিন সকাল ও বিকালে বসে এক অনানুষ্ঠানিক মাছের হাট। স্থানীয় জেলেরা হাওড় থেকে ধরা তাজা ও সুস্বাদু বিভিন্ন প্রজাতির মাছ এনে এখানে বিক্রি করেন। ফলে পথচারী ও যাত্রীদের পাশাপাশি দূর-দুরান্ত থেকেও অনেক ক্রেতা ভিড় করেন এই স্থানে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন ভোরে জেলেরা হাওড়ে গিয়ে মাছ ধরে এনে সকালেই ব্রিজের পাশে বসেন। আবার বিকালেও নতুন করে মাছ এনে বিক্রি করেন তারা। বিশেষ করে বিকাল বেলায় এই এলাকায় ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। সড়কে চলাচলকারী অনেক যানবাহনও এখানে থামিয়ে যাত্রীরা মাছ কিনে থাকেন।

জেলে সুমেল দাস বলেন, “আমরা হাওড় থেকে টাটকা মাছ ধরে সরাসরি এখানে নিয়ে আসি। কোনো প্রকার সংরক্ষণ ছাড়াই বিক্রি করি, তাই মাছের স্বাদ ভালো থাকে। প্রতিদিনই ভালো বিক্রি হয়, বিশেষ করে বিকালে ক্রেতা বেশি থাকে।”
আরেক জেলে শফিক মিয়া জানান, “এই জায়গাটা এখন অনেকের কাছে পরিচিত হয়ে গেছে। দূরের মানুষও এসে মাছ কিনে নিয়ে যায়। এতে আমাদেরও উপকার হচ্ছে।”

মাছ কিনতে আসা ক্রেতা সিএনজি যাত্রী রফিকুল ইসলাম বলেন, “এখানকার মাছ একদম টাটকা। বাজারের তুলনায় দামও অনেক সময় কম থাকে। তাই সুযোগ পেলেই এখানে এসে মাছ কিনি।”

আরেক ক্রেতা নাজমা বেগম বলেন, “আমরা বিকালের দিকে এসে মাছ কিনি। গাড়ি থামিয়ে সহজেই মাছ পাওয়া যায়, এটা আমাদের জন্য খুব সুবিধাজনক।”
স্থানীয়দের মতে, এভাবে প্রতিদিন মাছ বিক্রি হওয়ায় এলাকাটি এক ধরনের অস্থায়ী বাজারে পরিণত হয়েছে। তবে সড়কের পাশে এভাবে ভিড় জমায় মাঝে মাঝে যান চলাচলে কিছুটা বিঘ্নও ঘটে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির মাধ্যমে সুশৃঙ্খল ব্যবস্থাপনা গড়ে তোলার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.