Sylhet Today 24 PRINT

চা শ্রমিক ইউনিয়নের দ্রুত নির্বাচনের দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০২ আগস্ট, ২০২৬

দীর্ঘদিন ধরে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন না হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ বাড়ছে বলে দাবি করেছেন নেতারা। নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করা মামলা প্রত্যাহার এবং দ্রুত ত্রিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে রোববার (২ আগষ্ট) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন চা শ্রমিকরা।

দুপুরে শহরের বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচির আগে বালিশিরা ভ্যালির ৬৪টি চা বাগানের পঞ্চায়েত কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা।

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় অনেক বাগানে ভারপ্রাপ্তদের দিয়ে কমিটি পরিচালিত হচ্ছে। এতে শ্রমিকদের অধিকার আদায়ে কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানান তাঁরা।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা অভিযোগ করেন, একটি পক্ষ আদালতে মামলা করে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করছে। তিনি বলেন, মামলার নিষ্পত্তি হলে দ্রুত নির্বাচন কমিশন গঠন করে তফসিল ঘোষণা করা সম্ভব হবে।

উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী সহ বালিশিরা ভ্যালির ৬৪টি চা বাগানের বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.