Sylhet Today 24 PRINT

লাউয়াছড়ায় দেখা মিলল বিরল প্রজাতির ‘উল্টোলেজি’ বানরের

শ্রীমঙ্গল প্রতিনিধি  |  ০৪ আগস্ট, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে দেখা মিলেছে বিরল উল্টোলেজি বানরের। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে কয়েকটি উল্টোলেজি বানরকে উদ্যানের ভেতর দিয়ে চলাচল করতে দেখা যায়। শান্ত পরিবেশে তাদের স্বাভাবিক আচরণ প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের জন্য ছিল আকর্ষণীয় এক দৃশ্য।

স্থানীয়ভাবে এ প্রজাতির বানর কেশরওয়ালা সিংহ বানর, কুলু বান্দর, ছোট লেজি বানর ও উলু বান্দর নামেও পরিচিত। এই বানরকে ইংরেজিতে বলে Northern pig-tailed macaque। কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান ছাড়াও হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান ও রেমা-কালেঙ্গা বন্য প্রাণী অভয়ারণ্যে এই প্রজাতির বানর দেখা যায়। পুরুষ, স্ত্রী ও বাচ্চা মিলে ২০ থেকে ২৫টি বানর দল বেঁধে বাস করে। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) এদের ‘সংকটাপন্ন’ হিসেবে তালিকাভুক্ত করেছে। এছাড়া বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে এরা সংরক্ষিত প্রাণী।

উল্টোলেজি বানরের লেজ শূকরের লেজের মতো পিঠের দিকে বাঁকানো থাকে। এদের গায়ের রং হালকা সোনালি থেকে বাদামি এবং প্রধান খাদ্য ফলমূল ও কচিপাতা। সাধারণত ২০ থেকে ২৫টি সদস্যের দলে গভীর বনে বসবাস করে।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের মধ্য দিয়ে চলে যাওয়া আখাউড়া–সিলেট রেলপথের পাশে অনেকসময় বানরগুলোর চলাচল দেখা যায়। এ রেলপথে ট্রেন চলাচলের সময় বিভিন্ন বন্যপ্রাণী দুর্ঘটনায় প্রাণ হারানোর ঘটনা ঘটে, যা বন্যপ্রাণীর নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের বিট কর্মকর্তা মারজুক হোসেন বলেন, অতিসংকটাপন্ন উল্টোলেজি বানরের ছোট–বড় মিলিয়ে একটি দল এখানে বাস করছে। অতিবিপন্ন ও সংকটাপন্ন বলে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এদের প্রতি সতর্কতার সঙ্গে নজরদারি করছে।

লাউয়াছড়া জাতীয় উদ্যান দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। প্রতিদিন দেশ-বিদেশের শত শত পর্যটক এখানে ভ্রমণে আসেন। বিরল এই উল্টোলেজি বানরের উপস্থিতি উদ্যানটির সমৃদ্ধ জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.