নিজস্ব প্রতিবেদক | ০৪ আগস্ট, ২০২৬
ফাইল ছবি
আজ বুধবার সিলেটের গেজেটপ্রাপ্ত জুলােযোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধণা প্রদান করা হবে। ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে এ সংবর্ধনা প্রদান করা হবে।
জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল সাড়ে ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে এই সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি থাকবেন প্রবাসীকল্যান মন্ত্রী।
একমাসের বেশি সময়ের রক্তক্ষয়ী আন্দোলনের পর ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে রাষ্ট্রিয়ভাবে পালিত হচ্ছে।
বুধবার ‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত হবে।
দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সকাল ৬টা ১মিনিটে শাহবাগের জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকার শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকাল ১১টায় জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ এবং সভাপতিত্ব করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান।
দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের সকল জেলা, উপজেলা, সিটি করপোরেশন ও পৌরসভায় এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আজ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরতে আলোচনা সভার পাশাপাশি রচনা, আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে।