Sylhet Today 24 PRINT

অভ্যুত্থানের দুই বছর : সিলেটের সাবেক মন্ত্রী-মেয়র-এমপিরা কে কোথায়

নিজস্ব প্রতিবেদক |  ০৫ আগস্ট, ২০২৬

জুলাই গণঅভুত্থানের দুই বছর পূর্ণ হলো। ২০২৪ সালের এই আন্দোলনের পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। আওয়ামী লীগের আমলে সিলেটের মন্ত্রী, মেয়র এমপিরা এখন কে কোথায় আছেন।

জানা যায়, সেই নেতাদের বড় একটি অংশ এখন কারাবন্দি। অনেকে সীমান্ত পেরিয়ে বিদেশে আত্মগোপনে। আর হাতে গোনা কয়েকজন দেশেই, গোপন আস্তানায়। গ্রেপ্তার আতঙ্কে কিংবা জামিনে মুক্ত হয়ে নিভৃতে সময় পার করছেন।

সিলেটের চার জেলায় খোঁজ নিয়ে দেখা যায়, ২০২৪ সালের অক্টোবরে গ্রেপ্তার হওয়া সিলেট-৪ আসনের চারবারের সাবেক এমপি, সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ, মৌলভীবাজার-৪ আসনে আধিপত্য বিস্তারকারী সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, হবিগঞ্জ-৪ আসনের আলোচিত সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও সাবেক পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী বর্তমানে বিভিন্ন হত্যা ও সহিংসতা মামলায় এখনও কারাবন্দি।

অন্যদিকে সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ২০২৪ এর আগস্টের পর তিনি দেশেই কিছুদিন আত্মগোপনে ছিলেন। এরপর সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তৎপর রয়েছেন আবুল মোমেন।

সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী ২০২৪ এর ৫ আগস্টের পর ভারত হয়ে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে তাকে অংশ নিতে দেখা যায়। সিলেট-৩ আসনের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিবও যুক্তরাজ্যে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল (মৌলভীবাজার-২) ভারত ও মালয়েশিয়ায় দলীয় কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছেন।

একইভাবে, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক এমপি অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার, মোয়াজ্জেম হোসেন রতন, হবিগঞ্জের সাবেক এমপি মো. আবু জাহির, মৌলভীবাজারের সাবেক এমপি মোহাম্মদ জিল্লুর রহমান ও সুনামগঞ্জের সাবেক এমপি ড. মোহাম্মদ সাদিক বর্তমানে যুক্তরাজ্য ও ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে।

এরমধ্যে আনোয়ারুজ্জামান চৌধুরীসহ কয়েকজন ৫ আগস্টের পর ভারত পালিয়ে যান। সেখান থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান।

অপরদিকে, সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান গ্রেপ্তার হওয়ার পর আদালতের জামিনে নিজ বাড়ি থেকেই আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। অনুরূপ অবস্থা সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিকের।

সিলেটের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাবেক পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন ও দিরাই-শাল্লার সাবেক এমপি জয়া সেনগুপ্তা দেশের ভেতরেই আছেন বলে জানা গেছে। তবে কে কোথায় তা স্পষ্ট জানাতে নারাজ স্বজনরা। আওয়ামী লীগ আমলে সিলেট-৫ আসন থেকে এমপি নির্বাচিত হওয়া আল ইসলাহ নেতা মাওলানা মোহাম্মদ হুসামুদ্দীন চৌধুরী নিজ এলাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।

এক নজরে কে কোথায়

বিদেশে: সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন (যুক্তরাষ্ট্র), সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী (যুক্তরাজ্য), হাবিবুর রহমান হাবিব (যুক্তরাজ্য), শফিউল আলম চৌধুরী নাদেল (ভারত/মালয়েশিয়া), সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার (যুক্তরাজ্য), মোয়াজ্জেম হোসেন রতন, মো. আবু জাহির (যুক্তরাজ্য), মোহাম্মদ জিল্লুর রহমান (যুক্তরাজ্য) এবং ড. মোহাম্মদ সাদিক।

কারাগারে বন্দি: সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, সাবেক পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী।

জামিনে মুক্ত: সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান ও মুহিবুর রহমান মানিক।

দেশে অবস্থান: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মো. শাহাব উদ্দিন, জয়া সেনগুপ্তা এবং মাওলানা মোহাম্মদ হুসামুদ্দীন চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.