Sylhet Today 24 PRINT

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম

নিজস্ব প্রতিবেদক |  ০৬ আগস্ট, ২০২৬

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সিলেটের পারাইরচকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকারের পাঁচ স্তর রয়েছে। চলতি অর্থবছরের মধ্যে সকল স্তুরের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য সরকারের। আগস্টের পরই স্থানীয় সরকার, অর্থ বিভাগ ও নির্বাচন কমিশন যৌথভাবে আলোচনা করে স্থানীয় সরকারের কোন স্তরের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করবে।

শেখ হাসিনার সরাসরি দেশে ফেরার কোনো সুযোগ নেই মন্তব্য করে তিনি বলেন, তার বিরুদ্ধে ইতোমধ্যে রায় হয়ে গেছ। দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে। উনাকে জেলে যেতে হবে ও রায় কার্যকর হবে।

সিলেট অন্যান্য নগর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন উল্লেখ করে তিনি বলেন, খাল খনন, ডেঙ্গু প্রতিরোধ প্রকল্পে সিলেট সিটি করপোরেশন ভালো করছে।

পরিদর্শনে আসা বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প সম্পর্কে তিনি বলেন, সিলেট সিটি করপোরেশনের সাথে লাফার্জ সুরমা হোলসিমের সাথে একটি প্রকল্প ২০২৪ সালে চালু হয়। তবে পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। এখন থেকে চালু হবে। এখন থেকে সিলেট নগরের বর্জ্য পরিশোধন করে প্লাস্টিক অংশ লাফার্জ সুরমা নিয়ে গিয়ে জ্বালানী হিসেবে ব্যবহার করবে। আর বাকী বর্জ্য সিটি করপোরেশন জৈব সার হিসেবে পরিণত করার পরিকল্পনা রয়েছে।

পরিদর্শনকালে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট ৩ আসনের সংসদ সদস্য এমএ মালেক ও সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকরসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.