Sylhet Today 24 PRINT

সরছে সাইনেজ, বসবে অন্যত্র

অন্য কোনো দৃষ্টিনন্দন জায়গায় এটি স্থাপন করা হবে বলে জানিয়েছেন সিসিক প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক |  ০৭ আগস্ট, ২০২৬

সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে সিলেট নগরের কিনব্রিজের একাংশ আড়াল করে তৈরি করা ‘আই লাভ সিলেট’ নামের সাইনেজটি অবশেষে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেট সিটি করপোরেশন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী।

তিনি বলেছেন, ‘সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। সাইনেজটি সরিয়ে অন্য কোনো দৃষ্টিনন্দন জায়গায় স্থাপনের কথা সংশ্লিষ্টদের বলেছি। দ্রুতই নতুন স্থানে সাইনেজটি স্থাপন করা হবে।’

প্রায় ৯০ বছর আগে সুরমা নদীর ওপর নির্মিত কিনব্রিজকে সিলেটের পরিচয়ের অন্যতম প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তবে এক সপ্তাহ ধরে ব্রিজের উত্তর অংশের বাঁ পাশে নদীতীরে ‘আই লাভ সিলেট’ সাইনেজ নির্মাণের কারণে ব্রিজটির একটি অংশ আড়ালে চলে গেছে বলে অভিযোগ ওঠে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেক নেটিজেন সমালোচনা করেন।

দেখা যায়, সিলেট সার্কিট হাউসের বিপরীতে সুরমা নদীর তীরে জায়গা উঁচু করে পাকা ভিত্তির ওপর আলোকসজ্জিত সাইনেজটি নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। সাইনেজে ‘আই লাভ সিলেট’ লেখার পাশাপাশি সিলেট সিটি করপোরেশন ও একটি মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠানের লোগো আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.