Sylhet Today 24 PRINT

‘ঘুমঘুম চোখে’ দ্রুতগতি আর ঝুঁকিপূর্ণ ওভারটেকিং কেড়ে নিল ৯ প্রাণ

নিজস্ব প্রতিবেদক |  ০৭ আগস্ট, ২০২৬

সকালের ফাঁকা সড়কে দুটি বাসই চলছিল দ্রুত গতিতে। এরমধ্যে একটি বাস হঠাৎ ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং করে ফেলে। তাতেই ঘটে যায় সর্বনাশ। দুই বাসের মধ্যে ঘটে সংঘর্ষ। এতে প্রাণ যায় ৭ জনের। আহত হন আরও ২৪ জন।

শুক্রবার সকালে সিলেটের ওসমানীনগরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ এবং পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে।

৯ জন নিহত হওয়ার পেছনে চালকদের গাফিলতিকেই প্রাথমিকভাবে দায়ী করছে পুলিশ। সকালে ফাঁকা মহাসড়কে দ্রুতগতিতে চলছিল বাস দুটি। দুই চালকই ‘ঘুমঘুম চোখে’ গাড়ি চালাচ্ছিলেন বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টা ১০ মিনিটের দিকে ঢাকা–সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকাগামী ইউনিক পরিবহন ও সিলেটগামী বেঙ্গল পরিবহনের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হন আরও অন্তত ২৪ জন। দুর্ঘটনার পর দুই বাসের চালকই পালিয়ে গেছেন। তাদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

দুর্ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ইউনিক পরিবহনের বাসের পেছনে থাকা একটি গাড়ির ক্যামেরায় ধারণ করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

ওই ফুটেজে দেখা যায়, ইউনিক পরিবহনের বাসটি কয়েক দফা রাস্তার ডানপাশে গিয়ে ওভারটেক করার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফের বাম লেনে ফিরে আসে। ঠিক তখনই বিপরীত দিক থেকে তীব্র গতিতে ছুটে আসা বেঙ্গল পরিবহনের স্লিপার বাসটি ইউনিক পরিবহনের বাসের সামনের বাম পাশে ধাক্কা মেরে বেরিয়ে যায়। এই আঘাতেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানক্ষেতে গিয়ে পড়ে ইউনিক পরিবহনের বাসটি। এতে দুটি বাসই দুমড়েমুচড়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে জানিয়েছেন, সামনে থাকা একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করতে গিয়েই বিপরীত লেনে চলে আসে বেঙ্গল পরিবহনের বাসটি, আর তখনই তীব্র গতিতে সংঘর্ষ ঘটে ইউনিক পরিবহনের বাসের সঙ্গে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাতজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে হাসপাতালে আরও দুজন মারা যান। ওসমানীনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. অপু মিয়া গণমাধ্যমকে বলেন, খাদে পড়ে যাওয়া ইউনিক পরিবহনের বাসেই হতাহত বেশি হয়েছে। নিহত সবাই এই বাসের।

সিলেটের শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান গণমাধ্যমকে বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সকালে সড়ক ফাঁকা থাকায় দুই বাসই দ্রুতগতিতে চলছিল। একে অপরকে অতিক্রম করার প্রতিযোগিতার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

ভিডিওটি পুলিশ দেখেছে দাবি করে ওসি বলেন, দুই চালক ‘ঘুমঘুম চোখে’ গাড়ি চালাচ্ছিলেন বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফাঁকা সড়কে অতিরিক্ত গতিতে চলার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে। দুর্ঘটনার পর দুই বাসের চালকই পালিয়ে গেছেন। তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

নিহত ৯ জনের মধ্যে সাতজনের মরদেহ শেরপুর হাইওয়ে থানায় এবং দুজনের মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার লক্ষ্মীপুর গ্রামের মৃত সাফিউদ্দিনের ছেলে হাজি সাইফুল ইসলাম (৫০), সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানার চণ্ডীপুল এলাকার জাহাঙ্গীরের মেয়ে শিশু জায়ফা ইসলাম ফাইজা (৪), সিলেটের সোবহানীঘাট এলাকার উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২), কিশোরগঞ্জের ভৈরব থানার চণ্ডিবের গ্রামের বাবুল মিয়ার মেয়ে বাউলশিল্পী পেহেলী ভৈরবী (১৭), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার বগডহর গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে আবুল হোসেন (৪৪), সিলেটের জৈন্তাপুর থানার উমনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে আরমান (১৯), কুমিল্লার বাঙ্গুরা বাজার থানার পীরকাশিমপুর গ্রামের আব্দুস সালামের ছেলে সানিয়াদ জাহাঙ্গীর সৌরভ (৩৯), ব্রাহ্মণবাড়িয়া সদর থানার শেরপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম ইমন, এবং কিশোরগঞ্জের নিকলী থানার ষাইধার (আটরামপুর) গ্রামের রঞ্জিত সূত্রধরের ছেলে রুবেল সূত্রধর (৩৭)।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রাশেদ মুনীর জানান, দুর্ঘটনার পরপরই হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে মোট ১৬ জনকে ভর্তি করা হয়। তাদের মধ্যে কয়েকজনকে পরবর্তীতে ইএনটি, চক্ষু ও নিউরোসার্জারি বিভাগে স্থানান্তর করা হয়েছে।

তিনি বলেন, নিউরোসার্জারি বিভাগে ভর্তি তিনজনের মধ্যে একজনের সিটিস্ক্যান রিপোর্ট স্বাভাবিক এসেছে, একজনের সিটিস্ক্যান এখনো সম্পন্ন হয়নি, এবং আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে স্থানান্তর করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.