Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে হামলার শিকার সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক |  ০৮ আগস্ট, ২০২৬

সিলেটের কোম্পানীগঞ্জে হামলার শিকার হয়েছেন কালের কন্ঠ মাল্টিমিডিয়ার সিলেট বিভাগীয় ইনচার্জ কবির আহমদ।

বরখাস্ত হওয়া স্থানীয় ইউপি সদস্য দুলাল মিয়া দুলার অনুসারীরা এ হামলা চালায় বলে অভিযোগ কবিরের। হামলায় কবির আহমদসহ অন্তত ৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র থেকে ফেরার সময় এই হামলার ঘটনা ঘটে। এতে দুজন পর্যটকও আহত হন। আহত দুই পর্যটক হলেন সিয়াম আহমদ ও তাদের বহনকারী গাড়ির চালক মো. রবিন। তারা গাজীপুর থেকে সিলেটে ঘুরতে এসেছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথরে গাজীপুর থেকে বেড়াতে আসা কয়েকজন পর্যটকদের বহনকারী গাড়িকে সন্ধ্যার দিকে পেছন থেকে একাধিকবার ধাক্কা দেয় একটি গাড়ি। এসময় ধাক্কা দেওয়ার কারণ জানতে চাইলে পর্যটকদের বহনকারী গাড়ির চালক ও পর্যটকদের উপর চড়াও হয় দুলালের অনুসারিরা। তাদের মধ্যে শুকুর আলী প্রথমে পর্যটকদের উপর হামলা চালায়। পরে তার সঙ্গীরাও যোগ দেয়। এসময় পর্যটকদের রক্ষায় এগিয়ে যান কালের কণ্ঠের সাংবাদিক কবির আহমদ। তাকে দেখতে পেয়েই দুলাল মিয়ার ছেলে ইকবাল হোসেন চিৎকার করে বলে উঠে কবির আমার বাপের বিরুদ্ধে নিউজ করেছে, এরে ধর। এরপর তার নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে ১৫ থেকে ২০ জনের দুর্বৃত্তের দল হামলা চালায় কবিরের উপর। তারা এলোপাতাড়ি তাকে ও পর্যটকদের মারধর করতে থাকে। হামলায় সাংবাদিক কবির আহমদ গুরুতর আহত হন। তাকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখান থেকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। পরে তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।
হামলাকারীরা সাংবাদিক কবিরের ব্যবহৃত একটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায় ও একটি মোবাইল ভেঙ্গে ফেলে।

এদিকে হামলার ঘটনার সময় অদূরে ছিলেন সিলেটের কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদ। তিনি এগিয়ে এসে দুর্বৃত্তদের গাড়ি আটক করার চেষ্টা করলে তারা মব সৃষ্টি করে গাড়ি ছিনিয়ে নিয়ে যায়। মবের ঘটনার ভিডিও চিত্র কালের কণ্ঠের কাছে সংরক্ষিত আছে।

হামলার ঘটনার খবর জানতে পেরে ঘটনাস্থলে আসেন সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি। এসময় তিনি বলেন, ‘হামলার ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.