Sylhet Today 24 PRINT

এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও তৈরি: সাভার থেকে যুবক গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৮ আগস্ট, ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পারভেজ আলম খান (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৮ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমে পাঠানো তথ্যে জেলা পুলিশ বিষয়টি নিশ্চিত করে।

গ্রেপ্তার পারভেজ আলম খান মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার সাভার উপজেলার মধ্য রাজাশন এলাকার আলাউদ্দিন মসজিদের গলিতে বসবাস করছিলেন।

এ ঘটনায় দায়ের করা সাইবার মামলায় এজাহারে থাকা ২ নাম্বার আসামি পারভেজ আলম খানকে গ্রেপ্তারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আহলাদ ইবনে জামিলের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে। পরে ঢাকা জেলার সাভার উপজেলার রাজাশন এলাকার আলাউদ্দিন মসজিদের গলিতে সারারাত অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে একই মামলায় ডিবি কর্তৃক সৈয়দ তানভীর নামে আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কার্যক্রম চলমান আছে, এই ঘটনায় জড়িত অন্য আসামিদের সনাক্ত এবং গ্রেফতারে পুলিশ কাজ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.