Sylhet Today 24 PRINT

গ্রিসে ‘দালালদের নির্যাতনে’ নিহত বানিয়াচংয়ের জাহাঙ্গীরের মরদেহ বাড়িতে

বানিয়াচং প্রতিনিধি |  ০৯ আগস্ট, ২০২৬

বানিয়াচং উপজেলার এক যুবকের ইউরোপে যাওয়ার স্বপ্ন শেষ হলো নির্মম মৃত্যুর মধ্য দিয়ে। গ্রিসে দালাল চক্রের নির্যাতনে নিহত জাহাঙ্গীর আলমের মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে, যা ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের মাতম।

শনিবার (৮আগস্ট) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনের নিথর দেহ ফিরে পেয়ে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।

নিহত জাহাঙ্গীর আলম (২৮) বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে। রোববার (৯আগস্ট) সকালে মরদেহটি গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। বাড়ির আঙিনা ভরে যায় আহাজারিতে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উন্নত জীবনের আশায় অবৈধ পথে ইউরোপে পাড়ি জমান জাহাঙ্গীর। লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে দালালদের হাতে তিনি নির্যাতনের শিকার হন। প্রায় দেড় মাস আগে নির্যাতনের এক পর্যায়ে তার মৃত্যু ঘটে বলে জানা গেছে। তবে এ ঘটনায় জড়িত দালালদের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো জানা যায়নি।

স্থানীয়রা অভিযোগ করেন, দালাল চক্রের প্রলোভনে পড়ে প্রতিবছর বহু তরুণ জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন, যার অনেকেই এমন মর্মান্তিক পরিণতির শিকার হচ্ছেন। তারা মানবপাচারকারী দালালদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে জাহাঙ্গীরের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.