Sylhet Today 24 PRINT

বিদ্যুতের দাবিতে সুনামগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১১ আগস্ট, ২০২৬

সুনামগঞ্জের ছাতক পিডিবি ও পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং এবং বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে জেলার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে জেলার জাউয়া বাজার, চেচান ও কালারুকাসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কসহ ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কের উভয় পাশে আটকা পড়ে হাজার হাজার যানবাহন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জাউয়া বাজার ও কালারুকা ফিডারের আওতাধীন এলাকায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে এবং বিদ্যুৎ আসা-যাওয়া করছে। এতে ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা, অফিস-আদালতের কার্যক্রমসহ স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। সমস্যার দ্রুত সমাধানের দাবিতে সোমবার সন্ধ্যায় প্রথমে জাউয়া বাজার এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন স্থানীয়রা। পরে চেচান ও কালারুকা এলাকাতেও একই কর্মসূচি পালন করা হয়।

অবরোধের কারণে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জাউয়া বাজার ও চেচান এলাকায় প্রায় ১০ কিলোমিটারের বেশি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সড়কের দুই পাশে আটকা পড়ে অসংখ্য যাত্রীবাহী বাস, সিএনজি, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

কৈতক গ্রামের বাসিন্দা হাসান বলেন, বিদ্যুতের সমস্যা দীর্ঘদিনের। কখন বিদ্যুৎ আসে আর কখন চলে যায়, তার কোনো ঠিক নেই। এতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন।

অবরোধ প্রত্যাহার ও যান চলাচল স্বাভাবিক করতে প্রশাসন, পুলিশ এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে জাউয়া বাজার ও চেচান এলাকার অবরোধ প্রত্যাহার করা হয়।

জাউয়া বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফ কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১০টার দিকে জাউয়া বাজার ও চেচান এলাকার সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে।

অন্যদিকে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের কালারুকা এলাকার অবরোধও একই সময়ের মধ্যে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন ছাতক থানার ওসি মিজানুর রহমান।

তিনি বলেন, বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং বন্ধের দাবিতে স্থানীয়রা সড়ক অবরোধ করেছিলেন। পরে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.