Sylhet Today 24 PRINT

সিসিকের নির্মাণ কাজ: কাজের অগ্রগতিতে ভৌত অবকাঠামো বিভাগের সন্তোষ

ডেস্ক রিপোর্ট |  ২০ ফেব্রুয়ারী, ২০১৬

বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সরকারের সচিব) এস এম গোলাম ফারুক সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মানাধীন ট্রাক টার্মিনাল ও নগর ভবন নির্মান কাজ পরিদর্শন করেছেন।

এসময় এই দুটি প্রকল্পের কাজের গুনগত মান ও অগ্রগতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন।

শনিবার (২০ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় পরিদর্শনকালে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সরকারের সচিব) এস এম গোলাম ফারুককে দুটি প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমেদ, সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনা, সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) রেজাউল করিম, ২৬ নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সলর তৌফিক বক্স লিপন, সিলেট সিটি কর্পোরেশরেন প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমান, সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবর ও শামসুল হক, কনসালটেন্ট বসন্ত কুমারসহ আরও অনেকে।

পরিদর্শনকালে ভৌত অবকাঠামো বিভাগের সদস্য এস এম গোলাম ফারুক জানান, সিলেটের উন্নয়নের ব্যাপারে মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সবসময় আন্তরিক। অর্থমন্ত্রী সবসময় টেকসই ও সুদূরপ্রসারী পরিকল্পনাকে গুরুত্ব দিয়ে থাকেন উল্লেখ করে এস এম গোলাম ফারুক সিটি কর্পোরেশনকে জনস্বার্থে আরও নতুন নতুন প্রকল্প তৈরীর জন্য নির্দেশনা দেন এবং এসব প্রকল্প বাস্তবায়নে তাঁর বিভাগ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

সিলেটের অবকাঠামো খাতে আরও কী কী উন্নয়ন করা যায়-এই ব্যাপারে প্রস্তাবনা তৈরীর জন্য তিনি সিলেটের বিভাগীয় কমিশনারের সাথেও আলোচনা করেন।

সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমান জানান, দক্ষিণ সুরমায় ৮.৪৪ একর জায়গায় ট্রাক টার্মিনাল নির্মান কাজ চলছে। এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ২৩ কোটি ৯৫ লক্ষ টাকা। ইতোমধ্যে সিটি কর্পোরেশন জমি অধিগ্রহন বাবদ ৩ কোটি ৪২ লক্ষ টাকা ব্যয় করেছে।

এছাড়াও প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে মাটি ভরাটের কাজ চলছে। ইতোমধ্যে এ্যাপ্রোচ রোড, কালভার্টেরও নির্মাণকাজ শেষ করা হয়েছে। মাটি ভরাটের পাশাপাশি সীমানা প্রাচীর নির্মাণ কাজও চলছে। ২০১৮ সাল পর্যন্ত প্রকল্পের মেয়াদ থাকলেও ২০১৭ সালেই কাজ সম্পন্নের ব্যাপারে আশাবাদাী সিলেট সিটি কর্পোরেশন।

অপরদিকে প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে ধাপে ধাপে নির্মাণ কাজ চলছে নগর ভবনের। ১২তলা ফাউন্ডেশন বিশিষ্ট নগর ভবনের প্রাথমিক পর্যায়ে ৫তলা পর্যন্ত নির্মানকাজ চলছে। ২০১৬ সালের জুন মাসের মধ্যেই এই কাজ সম্পন্নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন নুর আজিজুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.