Sylhet Today 24 PRINT

সিলেট-তামাবিল সড়কে পিকআপ উল্টে যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক |  ১৪ আগস্ট, ২০২৬

সিলেট-তামাবিল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবক ফয়েজ আহমদ (২৮) কানাইঘাট উপজেলার হারাতৈল উপর বড়াই গ্রামের মাওলানা হোসাইন আহমেদের ছেলে।

জানা যায়, জাফলংগামী পিকআপ (সিলেট মেট্রো-ন-১১-১৭১৮) জৈন্তাপুর উপজেলার উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০০ গজ সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তেই পিকআপটি সড়কের পাশে উল্টে পড়ে। এতে গাড়িতে থাকা ফয়েজ আহমদ, চালকসহ আরও ২-৩ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষনিকভাবে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফয়েজ আহমদকে মৃত ঘোষণা করেন। বাকী আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.